পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৬০টি দেশে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন সামনে রেখে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে সারা বিশ্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল রোববার প্রায় ১৬০টিরও বেশি দেশে এই বিক্ষোভ হয়েছে। বিবিসি।
সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে সম্মেলনস্থল নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। সেখানে লক্ষাধিক মানুষ সমবেত হয়েছে। এ ছাড়া রাস্তার দুই ধারে যেসব মানুষ বিক্ষোভকারীদের সমর্থন জানাতে সমবেত হয়েছে, তাদের সংখ্যাও লক্ষাধিক হবে বলে জানিয়েছে গণমাধ্যম। আয়োজকেরা বলছেন, আফগানিস্তান ও ইরাকে যুদ্ধবিরোধী বিক্ষোভের পর এটাই হচ্ছে সবচেয়ে বড় সমাবেশ। জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতাদের এই সমাবেশে অংশগ্রহণ করেন। এ ছাড়া প্রখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন।
লন্ডন শহরে আয়োজিত জলবায়ু শোভাযাত্রায় ২৭ হাজারের বেশি মানুষ অংশ নেয়। অভিনেত্রী এমা থমসন এতে নেতৃত্ব দেন। লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের নিউক্যাসল, ম্যানচেস্টার ও এডিনবরায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেও প্যারিসের বিক্ষোভে যোগ দেয় কমপক্ষে আট হাজার মানুষ।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে জলবায়ু সমাবেশে ২০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। সমাবেশে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের প্রতি জলবায়ু পরিবর্তন রোধে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানায়।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের অভিযোগ, বিশ্বের ধনী দেশের নেতারা জলবায়ুর পরিবর্তনের বিষয়টি উপেক্ষা করে যাচ্ছেন এবং এ পর্যন্ত যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোও রক্ষা করেননি। তাই তারা নিউইয়র্কের জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের ওপর চাপ প্রয়োগ করতেই বিক্ষোভে অংশ নিয়েছে।