পদক্ষেপ নিলে বুমেরাং হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন-সংকটকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে ‘চটজলদি ও বেপরোয়া পদক্ষেপ’ না নিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এদিকে ইউক্রেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি দেসচাৎসিয়া গতকাল শনিবার বলেছেন, তাঁরা কোনোভাবেই ক্রিমিয়ার দাবি ছাড়বেন না।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ফোন করে বলেন, মস্কোর বিরুদ্ধে অবরোধ আরোপ করা হলে তা ওয়াশিংটনের জন্যই ক্ষতিকর হবে?
ইউক্রেন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পর দুই পররাষ্ট্রমন্ত্রী কেরি ও লাভরভের একইভাবে টেলিফোনে আলাপ হলো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চিন্তাভাবনা না করে চটজলদি রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তা মস্কো-ওয়াশিংটনের সম্প্লর্ককে ক্ষতিগ্রস্ত করবে। লাভরভ বলেন, শেষ পর্যন্ত এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কেরি ইউক্রেন-সংকট কূটনৈতিকভাবে সমাধানের প্রতি গুরুত্ব দিতে লাভরভের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে পরস্পরের সঙ্গে পরামর্শ করে এগিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন তাঁরা।
গত বৃহস্পতিবার ওবামা ইউক্রেনে আগ্রাসনের জন্য দায়ী রুশ নেতাদের ভিসা বন্ধ ও যুক্তরাষ্ট্রে তাঁদের সম্পদ জব্দ করার নির্দেশ দেন। তবে মার্কিন একজন কর্মকর্তা জানান, রাশিয়ার এসব নেতার তালিকায় পুতিনের নাম নেই। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
এদিকে ইউক্রেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী গতকাল রাজধানীয় কিয়েভে সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের আছে এবং থাকবে। আমরা কখনোই এটা অন্য কারও হাতে তুলে দেব না।’
ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি: এবার ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিল রাশিয়া। ইউক্রেনের জ্বালানি খাত অনেকাংশেই রাশিয়ার ওপর নির্ভরশীল। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম বৃহৎ গ্যাস কোম্পানি গাজপ্রম ওই হুমকি দেয়।
ক্রিমিয়ায় ২০ হাজার রুশ সেনা?: মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের হিসাব অনুযায়ী, ইউক্রেনের ক্রিমিয়ায় ২০ হাজার রুশ সেনা অবস্থান করছে; যদিও ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বলছেন, ক্রিমিয়ায় রুশ সেনার সংখ্যা ৩০ হাজার। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলছেন, ক্রিমিয়ায় থাকা সশস্ত্র ব্যক্তিরা স্থানীয় ‘প্রতিরক্ষা বাহিনী’র সদস্য। ওই বাহিনীর ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ নেই। রয়টার্স ও বিবিসি।