পদত্যাগ করছেন বিপির প্রধান নির্বাহী টনি হেওয়ার্ড
তেলক্ষেত্র বিপর্যয়ের জন্য সমালোচিত তেল কোম্পানি ব্রিটিশ পেট্রলিয়ামের (বিপি) প্রধান নির্বাহী টনি হেওয়ার্ড খুব শিগগিরই পদত্যাগ করছেন বলে খবর দিয়েছে বিবিসি। বিপির এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে গতকাল রোববার বিকেলে বিবিসি জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পারেন হেওয়ার্ড। মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্র দুর্ঘটনার জের ধরে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।বিবিসি জানিয়েছে, খুব দ্রুত হেওয়ার্ডের পদত্যাগের ঘোষণা আসতে পারে। ধারণা করা হচ্ছে, তাঁর স্থলাভিসিক্ত হবেন বব ডাডলি। লুইজিয়ানা উপকূলের কাছে তেলক্ষেত্র দুর্ঘটনা মোকাবিলা কার্যক্রম দেখভালের দায়িত্ব থেকে হেওয়ার্ডকে সরিয়ে নেওয়া পর ওই দায়িত্ব পালন করছেন ডাডলি।এর আগে যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা সানডে টেলিগ্রাফ হেওয়ার্ডের পদত্যাগের খবর দেয়। পত্রিকাটি জানায়, আগামীকাল মঙ্গলবার কোম্পানির অর্ধবার্ষিক পরিকল্পনা ঘোষণার আগেই পদত্যাগ করবেন তিনি। তেলক্ষেত্র দুর্ঘটনায় বিপির ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি চেষ্টা থেকে হেওয়ার্ডকে পদত্যাগ করানো হচ্ছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। তেল কোম্পানির কাছ থেকে চাকরির বেতন-ভাতা বাবদ ১৫ কোটি ডলার পাবেন হেওয়ার্ড।বিপি জানিয়েছে, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমর্থন রয়েছে হেওয়ার্ডের পক্ষে। তবে হেওয়ার্ডের পদত্যাগের সংবাদ নিয়ে কোনো মন্তব্য করেনি তারা।গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের কাছে বিপির নিয়ন্ত্রণাধীন তেলক্ষেত্রে বিস্ফোরণে বিপুল পরিমাণ তেল সাগরে ছড়িয়ে পড়ে। এতে উপকূলীয় অঞ্চলের পরিবেশ হুমকির মুখে পড়ে। লুইজিয়ানায় মৎস্য ও পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ক্ষতিগ্রস্ত তেলক্ষেত্র থেকে তেল বেরিয়ে আসা স্থায়ীভাবে বন্ধ করতে বিকল্প কূপ খননের কাজ আবার শুরু করেছে বিপি। গত সপ্তাহে ওই এলাকায় ঝড়ের কারণে কূপ খননের কার্যক্রম বন্ধ রাখা হয়। মার্কিন কোস্টগার্ডের অ্যাডমিরাল থাড অ্যালেন বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে তেলকূপ থেকে তেল বেরিয়ে আসা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছি আমরা। খসড়া হিসাব অনুযায়ী এ জন্য তিন থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।’ শনিবার ডেভেলপমেন্ট ড্রিলার থ্রি নামের একটি খননকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘বনির’ কারণে বিকল্প কূপ খননে নিয়োজিত ১০টি জাহাজকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এএফপি।