পদত্যাগ করছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী!
ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পবন কুমার বানসালের ভাগনেকে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর কাছে তিনি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্র জানায়, রেলমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) নীতিনির্ধারকেরা গতকাল সন্ধ্যায় বৈঠকে বসেন। তবে তাৎক্ষণিক বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি।রেলওয়ে বোর্ডের শীর্ষ পর্যায়ের একটি পদে রেলওয়ের কর্মকর্তা মহেশ কুমারের নিয়োগ দেওয়ার বিনিময়ে বানসালের ভাগনে বিজয় সিংলা ৯০ লাখ ভারতীয় রুপি ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) চণ্ডীগড় থেকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে। অবশ্য বানসাল এক বিবৃতিতে বলেন, ‘আমি ওই কেলেঙ্কারিতে কোনোভাবেই সংশ্লিষ্ট নই। আমার দাপ্তরিক কার্যক্রম ও সিদ্ধান্তে কোনো আত্মীয়েরই হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের সুযোগ নেই। আমি বরাবরই সৎ জীবনযাপন করে আসছি।’ তিনি বলেন, ভাগনের সঙ্গে তাঁর কোনো ব্যবসায়িক বা লেনদেনের সম্পর্ক নেই। তিনি আশা করেন, সিবিআই এ ব্যাপারে দ্রুত ও কার্যকর তদন্ত সম্পন্ন করবে।প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ ওই কেলেঙ্কারির ঘটনায় ইউপিএর তীব্র সমালোচনা করেন। সরকারের প্রতিটি সিদ্ধান্তের নেপথ্যে আর্থিক লেনদেনের অভিযোগ এনে তিনি বানসালকে বরখাস্ত করার দাবি জানান। ইউপিএর শরিক সমাজবাদী পার্টিও রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। মহাসচিব রাম কুশওয়ালা বলেন, নৈতিক কারণেই বানসালের পদত্যাগ করা উচিত। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরও বরখাস্ত করতে হবে। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক মহেশ কুমারকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত বৃহস্পতিবার রেলওয়ে বোর্ডের সদস্য হন। পিটিআই ও আইএনএস।