পদত্যাগ করতে রাজি ইয়েমেনের প্রেসিডেন্ট
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ শর্ত সাপেক্ষে ক্ষমতা ছেড়ে দিতে রাজি হয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, উপসাগরীয় আরব দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) দেওয়া প্রস্তাব অনুযায়ী, বিরোধীদের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের এক মাস পর সালেহ তাঁর ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। চুক্তির শর্ত অনুযায়ী, পদত্যাগের পর প্রেসিডেন্ট সালেহকে বিচারের মুখোমুখি করা যাবে না। বিরোধী দলগুলোর জোট এই প্রস্তাব মেনে নিলেও বিক্ষোভকারীরা তা নাকচ করে দিয়েছে। প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।জিসিসির প্রস্তাব অনুযায়ী, ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেবেন সালেহ। এর আগে একটি জাতীয় মতৈক্যের সরকার গঠন করা হবে। প্রেসিডেন্ট সালেহ তাঁর ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। সালেহর পদত্যাগের দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে গত শনিবার প্রচার করা হয়, জিসিসির প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্ট সালেহ পদত্যাগ করবেন।ইয়েমেনের সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের মুখপাত্র মোহাম্মদ কাদান জিসিসির প্রস্তাবকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন। তিনি জানান, বিরোধী সব দলের নেতাই এই প্রস্তাব মেনে নিয়েছেন। তবে তাঁরা বলেছেন, জাতীয় মতৈক্যের সরকার গঠনের আগেই প্রেসিডেন্ট সালেহকে পদত্যাগ করতে হবে। কাদান বলেন, মতৈক্যের সরকারের সদস্যরা প্রেসিডেন্ট সালেহর কাছে শপথ নেবেন, এটা হতে পারে না। কারণ, সালেহ ইতিমধ্যে ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন।বিরোধী জোটের আরেক মুখপাত্র মোহাম্মদ আল সাবরি বলেন, রাজনৈতিক দলগুলোর জোট জিসিসির প্রস্তাব মেনে নিলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে—এমনটা ভাবার কারণ নেই। তিনি বলেন, ‘আমরা প্রত্যেক বিক্ষোভকারীর প্রতিনিধিত্ব করি না। শুধু রাজনৈতিক দলের প্রতিনিধি আমরা।’ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভে তরুণেরা অন্যতম ভূমিকা পালন করছে। তরুণ বিক্ষোভকারীদের একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট সালেহকে বিচারের মুখোমুখি করা যাবে না, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট ও তাঁর সহযোগীরা মানুষ হত্যা করেছেন। তাই জিসিসি প্রেসিডেন্ট সালেহকে বিচারের মুখোমুখি না করার যে প্রস্তাব দিয়েছে, তা ন্যায়বিচারের পরিপন্থী।এদিকে পদত্যাগের ঘোষণার পরদিন গতকাল রোববারও সালেহর পদত্যাগের দাবিতে রাজধানী সানা ও দ্বিতীয় বৃহত্তম শহর তায়েজে বিক্ষোভ হয়। তারা ৩০ দিনের মধ্যে নয়, তাৎক্ষণিকভাবে সালেহর পদত্যাগ দাবি করে। ইব্রাহিম আল বাদানি নামের একজন বিক্ষোভকারী প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি না করার প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, সালেহ পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেন, ওয়াশিংটন প্রেসিডেন্ট সালেহর এই ঘোষণাকে স্বাগত জানায়। এর ফলে দেশটি বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবে। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সব পক্ষের অংশগ্রহণে আলোচনা শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেন, ইয়েমেনের জনগণই সিদ্ধান্ত নেবে তাদের দেশ কারা কীভাবে পরিচালনা করবে। পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে কাজ করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়। প্রেসিডেন্ট সালেহ ৩২ বছর ধরে ইয়েমেনের ক্ষমতায় আছেন। তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। প্রায় দুই মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে দেশটিতে ১৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এএফপি, বিবিসি ও রয়টার্স।