ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) কোম্পানির প্রধান নির্বাহী টনি হেওয়ার্ড বলেছেন, মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে দুর্ঘটনার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করবেন না। গতকাল সোমবার বিবিসি টেলিভিশনে একটি অনুষ্ঠানে হেওয়ার্ড এ কথা বলেন। তেলক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কোম্পানিটি বলেছে, এই বিপর্যয় সামাল দিতে তাদের এ পর্যন্ত ১২৫ কোটি ডলার খরচ হয়েছে।গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের লইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে মেক্সিকো উপসাগরে এক বিস্ফোরণে তেলক্ষেত্র থেকে সাগরে তেল উপচে পড়া শুরু হয়। এখনো সাগরে তেল ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা। এতে সাগর ও উপকূলীয় এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।গতকাল বিবিসি টেলিভিশনে হেওয়ার্ড বলেন, ‘আমি পদত্যাগ করছি না। বরং এই সমস্যার শেষ দেখতে চাই। আমরা তেলক্ষেত্রের পাইপের ছিদ্র বন্ধ করতে সক্ষম হব। আমরা তেল পরিষ্কার করে ফেলব। এই দুর্ঘটনার আগে উপসাগরের পরিবেশ যেমন ছিল, তেমন অবস্থানে ফিরিয়ে আনার ব্যাপারেও আশাবাদী।’ বিপির প্রধান জানান, দুর্ঘটনাকবলিত তেলকূপে একটি নিয়ন্ত্রক ক্যাপ বসানো হয়েছে এবং ২৪ ঘণ্টায় সেখান থেকে প্রায় ১০ হাজার ব্যারেল তেল সংগ্রহ করা হয়েছে। বিপি আশা করছে, আগামী সপ্তাহে দ্বিতীয় একটি নিয়ন্ত্রক ক্যাপ স্থাপন করা সম্ভব হবে।তেল কোম্পানিটির কর্মকর্তারা গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, সাগরে তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে এ পর্যন্ত তাঁদের ১২৫ কোটি ডলার খরচ হয়েছে। তবে এই খরচের মধ্যে লুইজিয়ানা উপকূল ও তেলক্ষেত্রের মাঝে কৃত্রিম বাঁধ নির্মাণের ৩৬ কোটি ডলার ধরা হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যেই ছড়িয়ে পড়া তেলের বেশির ভাগ অংশ তুলে নেওয়ার ব্যাপারেও আশাবাদ জানিয়েছে বিপি। এএফপি।