পদত্যাগ করবেন না হ্যারি রিড
মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদলীয় নেতা হ্যারি রিড জানিয়েছেন, পদত্যাগের আহ্বান সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না। প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করার কারণে রিপাবলিকানরা তাঁর পদত্যাগ দাবি করছে।ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ওবামা যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখন তাঁর দলেরই নেতা রিড বলেছিলেন, ‘ভোটাররা ওবামাকে পছন্দ করে, কেননা তাঁর গায়ের রং “অতটা কালো না” এবং কথাবার্তায়ও “নিগ্রোদের মতো টান নেই”।’ সম্প্রতি প্রকাশিত একটি বইতে তাঁর এই মন্তব্য প্রকাশিত হয়।বইটি প্রকাশের পরপরই রিড ওবামার কাছে ক্ষমা চান এবং ওবামও তাত্ক্ষণিকভাবে জানান, তিনি রিডকে ক্ষমা করে দিয়েছেন। তবে রিপাবলিকানরা বলছে ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, রিডের উচিত পদত্যাগ করা।রিপাবলিকান দলের চেয়ারম্যান মাইকেল স্টিল বলেছেন, এ ধরনের স্পর্শকাতর মন্তব্যের অনেক প্রভাব পড়বে। তিনি বলেন, ‘এ ধরনের সেকেলে কথাবার্তা ১৯৫০ বা ৬০-এর দশকের কথাই মনে করিয়ে দেয়।’রিডকে ক্ষমা করে দেওয়াকে অসম নীতি হিসেবে অভিহিত করে তিনি জানান, এ ধরনের বর্ণবাদী মন্তব্য করার জন্য ২০০২ সালে রিপাবলিকান সিনেট নেতা ট্রেন্ট লটকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল।ক্ষমা চেয়ে রিড বলেছেন, ‘আমার এ মন্তব্যে কোনো আমেরিকান বিশেষ করে আফ্রিকান-আমেরিকান কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে তাঁদের কাছে ক্ষমা চাইছি।’ রিডের এই ক্ষমা প্রার্থনার পর অনেকেই তাঁকে সমর্থন দিয়েছেন।আর্থিক প্রণোদনা প্যাকেজ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা খাত সংস্কারের মতো বিতর্কিত বিভিন্ন ইস্যুতে ওবামার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হ্যারি রিড। এ জন্যই রিপাবলিকানদের টার্গেট এখন তিনি। বিবিসি অনলাইন।