কিরগিজস্তানের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান রোজা ওতুনবায়েভা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেগ বাকিয়েভের সামনে এখনো নিরাপদে দেশ ছাড়ার সুযোগ রয়েছে। বাকিয়েভ এখনো যদি ভালোয় ভালোয় পদত্যাগ করেন, তাহলে তাঁর জীবনের নিরাপত্তা দিয়ে তাঁকে অক্ষত অবস্থায় দেশ ছাড়ার সুযোগ দেওয়া হবে। গতকাল শনিবার সকালে রাজধানী বিশকেকে সরকারবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। একই সঙ্গে সেখানে সম্ভাব্য গৃহযুদ্ধ ঠেকানোর জন্য তাঁরা সর্বাত্মক চেষ্টা করবেন বলেও তিনি ঘোষণা করেন। কর্মকর্তারা বলেছেন, গত বৃহস্পতিবার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাকিয়েভের সেনাদের গুলিতে যে ৭৮ জন বিক্ষোভকারী নিহত হন তাঁদের মধ্যে ১৫ জনের লাশ গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাকিদের লাশ পারিবারিকভাবে সমাহিত করা হয়। রাজধানী বিশকেক থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত রাষ্ট্রীয় সমাধিক্ষেত্রে গতকাল ১৫টি কফিন শোকযাত্রা-সহকারে নিয়ে যাওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় নিহত ব্যক্তিদের সমাহিত করা হয়। অন্তর্বর্তী সরকারপ্রধান রোজা ওতুনবায়েভা নিহত ব্যক্তিদের জাতীয় বীর বলে অভিহিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের সম্মান দেখাতে গতকাল দ্বিতীয় দিনের মতো সেখানে শোক পালন করা হয়। ১৯৩০ সালে সোভিয়েত সেনাদের হাতে নিহত কিরগিজ বুদ্ধিজীবীদের এখানেই সমাহিত করা হয়।এদিকে বিদ্রোহীরা ক্ষমতা দখল করলেও এখনো কিরগিজস্তানে উত্তেজনা রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের সেখানকার সামরিক ঘাঁটি থেকে আফগানিস্তানে সেনা সরবরাহ স্থগিত করেছে। সেখানে রাশিয়ারও একটি বিমান ঘাঁটি রয়েছে। তারাও গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র মেজর জন রেডফিল্ড বলেছেন, পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত বিশকেক থেকে তাঁরা কোনো সেনা সরাবেন না।এদিকে গত শুক্রবার কিরগিজস্তানের জালালাবাদ শহরে আত্মগোপনে থাকা বাকিয়েভ বিবিসি ও এএফপিকে টেলিফোনে জানিয়েছেন, তিনি এখনো সে দেশের সাংবিধানিক প্রেসিডেন্ট। তিনি পদত্যাগ করবেন না। তবে বিরোধীদের সঙ্গে তিনি আলোচনা করতে রাজি আছেন। তিনি আরও জানান, বিদ্রোহীরা তাঁকে মেরে ফেলতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ কারণেই তিনি আত্মগোপনে রয়েছেন। তবে তিনি দেশ ছাড়বেন না। কিন্তু গতকাল নতুন নেতা ওতুনবায়েভা তাঁর সে দাবি নাকচ করে দিয়ে বলেছেন, সাধারণ জনগণের ওপর নির্বিচারে গুলিবর্ষণের দায় বাকিয়েভকেই নিতে হবে। তিনি বলেন, বাকিয়েভের বড় ছেলে জ্যানিশ বাকিয়েভের নির্দেশে সেনারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং ওই নির্দেশে বাকিয়েভেরও সম্মতি ছিল বলে তাঁরা মনে করেন।রোজা ওতুনবায়েভা বলেন, এত কিছুর পরও বাকিয়েভ যদি ভালোয় ভালোয় পদত্যাগ করেন তাহলে তাঁরা তাঁকে অক্ষত অবস্থায় দেশত্যাগে সহায়তা করবেন। অন্যথায় তাঁরা তাঁর নিরাপত্তার দায়দায়িত্ব নেবেন না।বর্তমানে সেখানে মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে। রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়েছে। এএফপি ও বিবিসি অনলাইন।