পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও মন্তি
ইতালির প্রধানমন্ত্রী মারিও মন্তি পদত্যাগ করেছেন। ২০১৩ সালের বাজেট আইন পার্লামেন্টে পাস হওয়ার পর তিনি পদ থেকে সরে দাঁড়ান। গত শুক্রবার পার্লামেন্টে ওই বাজেট আইনের ওপর ভোটাভুটি হয়। আইনটির পক্ষে ৩০৯ ও বিপক্ষে ৫৫টি ভোট পড়ে। এরপর রাতে মারিও মন্তি প্রেসিডেন্ট জর্জো নাপোলিতানোর কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণ করলেও মন্তিকে নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যেতে বলেন। মারিও মন্তির পদত্যাগের পর গতকাল শনিবার প্রেসিডেন্ট নাপোলিতানো পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। এর পরপরই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যায়। বিশ্লেষকদের ধারণা, আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনে তিনবারের প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি চতুর্থ মেয়াদের জন্য লড়বেন। অর্থনৈতিক সংকটের মুখে গত বছর অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন মারিও মন্তি। চলতি মাসে তাঁর পূর্বসূরি ও রক্ষণশীল পিপল অব ফ্রিডম পার্টির সিলভিও বেরলুসকোনি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মারিও মন্তি ঘোষণা দেন, পার্লামেন্টে বাজেট আইন পাস হওয়ার পরপরই তিনি পদত্যাগ করবেন। এএফপি ও বিবিসি।