জর্জিয়ায় কারাগারে বন্দী নির্যাতনের ঘটনায় ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাচো আখালাইয়া পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার বন্দীদের ওপর কারারক্ষীদের নির্যাতনের ভিডিও ফুটেজ সম্প্রচারিত হওয়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় আখালাইয়া বলেন, ‘জর্জিয়ার কারাগারগুলোতে বন্দী নির্যাতন বন্ধ হয়নি। এ ঘটনায় আমি নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব নিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ ভিডিও ফুটেজে দেখা গেছে, জর্জিয়ার গ্লাদিনি কারাগারে নিরাপত্তারক্ষীরা বন্দীদের পেটাচ্ছেন। একপর্যায়ে বন্দীদের ওপর যৌন নির্যাতন করতেও দেখা গেছে।বন্দী নির্যাতনের ঘটনায় মঙ্গলবার থেকেই জর্জিয়ায় বিক্ষোভ শুরু হয়। গত বৃহস্পতিবারও রাজধানী তিবলিসিসহ বাতুমি ও রুস্তাভি শহরে বিক্ষোভ হয়। জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি দেশের সব কারাগারের কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। বিবিসি।