জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে বাড়ি কেনার জন্য কম সুদে ঋণ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তের জন্য তাঁর দায়মুক্তি তুলে নিতে পার্লামেন্টে আবেদন করে তদন্ত সংস্থা। এর পরই তিনি পদত্যাগ করলেন। ভুল্ফের পদত্যাগ দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের জন্য একটি বড় ধরনের ধাক্কা।পদত্যাগের ঘোষণা দিয়ে মাত্র সাড়ে তিন মিনিটের এক টেলিভিশন বিবৃতিতে ভুল্ফ বলেন, ‘আমার উত্তরসূরির দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত করে আজ আমি পদত্যাগ করছি। জার্মানির এমন একজন প্রেসিডেন্ট দরকার, যাঁর প্রতি শুধু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নয়, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের আস্থা থাকবে।’ভুল্ফ আরও বলেন, ‘গত কয়েক দিন ও সপ্তাহের ঘটনাপ্রবাহ থেকে দেখা যাচ্ছে, আমার ওপর জনগণের আস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই দেশে ও দেশের বাইরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা আমার পক্ষে আর সম্ভব নয়।’৫২ বছর বয়সী ভুল্ফ ছিলেন জার্মানির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। ২০১০ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। মেরকেলের নিজের দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা ছিলেন তিনি। প্রেসিডেন্ট পদে মেরকেলের পছন্দের ব্যক্তি ছিলেন ভুল্ফ। প্রেসিডেন্ট হওয়ার আগে ভুল্ফ লোয়ার স্যাক্সন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগের মোকাবিলা করতে হয়েছে ভুল্ফকে। তবে সবচেয়ে বেকায়দায় ছিলেন গত ডিসেম্বর থেকে। ডিসেম্বরের মাঝামাঝি দেশের বহুল প্রচারিত বিল্ড পত্রিকায় ভুল্ফের দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, লোয়ার স্যাক্সন রাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি বাড়ি কেনেন। কিন্তু ব্যাংক তাঁর কাছ থেকে তুলনামূলক কম সুদ নিয়েছিল। নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি সুদ কমিয়ে নেন। পত্রিকাটিতে আরও অভিযোগ করা হয়, তাদের ওই প্রতিবেদন আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন ভুল্ফ। এর পর থেকে তাঁর বিরুদ্ধে গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। তবে কম সুদে ঋণ নেওয়ার বিষয়টি পরে স্বীকার করেছেন ভুল্ফ।গত বৃহস্পতিবার লোয়ার স্যাক্সনের তদন্ত কর্মকর্তারা জানান, প্রেসিডেন্টের বিরুদ্ধে এসব অভিযোগ তদন্তের পথ করে দিতে প্রেসিডেন্টের দায়মুক্তি তুলে নিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। কেননা, সাংবিধানিক দায়মুক্তির কারণে প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাচ্ছে না। তদন্তকারীদের ওই ঘোষণার পরদিনই পদত্যাগ করলেন ভুল্ফ।জার্মানিতে কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের তদন্ত এটাই প্রথম। এই প্রথমবারের মতো দেশটির কোনো প্রেসিডেন্ট পদত্যাগ করলেন অভিযোগের মুখে।প্রেসিডেন্ট ভুল্ফের পদত্যাগের কারণে বেকায়দায় পড়লেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ইউরোজোন-সংকট নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য গতকাল তাঁর রোম সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন।প্রাথমিকভাবে ভুল্ফকে রক্ষার চেষ্টা করেছিলেন মেরকেল। তবে শেষ পর্যন্ত তিনি হাল ছেড়ে দিয়ে ভুল্ফের পদত্যাগের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।