পদত্যাগ করলেন ফিনমেকানিকার প্রধান অরসি
ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ইতালির মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ফিনমেকানিকার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জুজেপ্পে অরসি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। ভারতের কাছে হেলিকপ্টার বিক্রিতে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে চলতি সপ্তাহে তাঁকে গ্রেপ্তার কর হয়।হেলিকপ্টার কেনার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে করা ৭৫০ মিলিয়ন ডলারের চুক্তিটি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে ভারত। ফিনমেকানিকা দুর্নীতির অভিযোগের বিষয়টি দেখভাল করার পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব আলেসান্দ্রো পানসা আরেকজন পরিচালকের হাতে তুলে দিয়েছে।অরসি এক চিঠিতে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তবে চিঠিতে তিনি কোনো প্রকার অনিয়ম করার অভিযোগ অস্বীকার করেছেন। ফিনমেকানিকার শাখা প্রতিষ্ঠান অগাস্তা ওয়েস্টল্যান্ড ২০১০ সালে ভারতের কাছে ১২টি হেলিকপ্টার বিক্রির চুক্তি করে। ওই চুক্তির জন্য প্রতিষ্ঠানটি ঘুষ দেয় বলে অভিযোগ ওঠে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি গত বৃহস্পতিবার জানান, তাঁরা ফিনমেকানিকার পাওনা জব্দ করছেন। বিবিসি।