পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ

ভারতের লোকসভা নির্বাচনে নিজ দল সংযুক্ত জনতা দলের করুণ পরাজয়ের দায় স্বীকার করে আজ শনিবার পদত্যাগ করেছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। বিহারের ৪০টি আসনের মধ্যে জনতা দল মাত্র দুটি আসন পেয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আজ বিহারের রাজ্যপাল ডি ওয়াই পাতিলের কাছে পদত্যাগপত্র দেন নিতীশ কুমার।
জনতা দলের নেতা আলী আনোয়ার বলেন, তিনি (নিতীশ কুমার) পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং আমরা এখন নতুন কর্মসূচি নেওয়ার কথা ভাবছি।’
এর আগে গতকাল শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল জানার পর লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ান মন্তব্য করেন, নিতীশ কুমারের সরকার বেশি দিন টিকবে না। তিনি বলেন, ‘নিতীশ কুমারের দলের এমন পরাজয়ের পর তাঁর নৈতিকভাবে পদত্যাগ করা উচিত।’
গতকাল বিকেলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিতীশ কুমার মন্তব্য করেন, ‘জনতার রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল।’
আগে নীতিশ কুমার বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) শরিক ছিলেন। তবে প্রধানমন্ত্রী পদে মোদির মনোনয়ন তিনি মেনে নিতে পারেননি। এ ভিন্নমতের কারণে এনডিএ থেকে বের হয়ে আসেন তিনি।
এদিকে, গতকাল নির্বাচনে কংগ্রেসের ব্যাপক পরাজয়ের পর পদত্যাগ করেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।