পদত্যাগ করলেন শেরি রেহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রেহমান আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি তাঁর পদত্যাগপত্র দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মির হাজার খান খোসোর কাছে পাঠিয়েছেন। ডন নিউজ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান পিপলস পার্টির দীর্ঘ দিনের প্রভাবশালী নেত্রী শেরি ২০০২ সালে দেশটির পার্লামেন্টে সংরক্ষিত নারী আসনের সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে তিনি পুনরায় নির্বাচিত হন। ওই বছরই তাঁকে পিপিপির নেতৃত্বাধীন জোট সরকারের তথ্য ও সম্প্র্রচারমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরের বছর তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।

চিঠি বিষয়ক এক কেলেঙ্কারির অভিযোগে ২০১১ সালের ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তত্কালীন রাষ্ট্রদূত হোসাইন হাক্কানি পদত্যাগ করেন। এরপর হাক্কানির স্থলে শেরিকে নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের কঠিন সময়ে রাষ্ট্রদূত হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার স্বীকৃতিস্বরূপ এ বছর শেরিকে নিশান-ই-ইমতিয়াজ পদক দেওয়া হয়। সে দেশে এটি বেসামরিক যেকোনো ব্যক্তির জন্য সর্বোচ্চ সম্মাননা।