লিবিয়ার পার্লামেন্ট সদস্যদের পদত্যাগ করার সময়সীমা বেঁধে দিয়েছে দুটি মিলিশিয়া গোষ্ঠী। অন্যাথায় তাঁদের আটক করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। তবে দেশটির অন্তর্বর্তী পার্লামেন্টের প্রধান পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে মিলিশিয়াদের ওই আলটিমেটামকে আসন্ন অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন।
লিবিয়ার সাধারণ জাতীয় কংগ্রেসের (জিএনসি) মেয়াদ ৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে। তবে আইনপ্রণেতারা ভোটাভুটির মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে নেন। এই বর্ধিত সময়ের মধ্যে আগামী শরতে নতুন নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছেন তাঁরা। তবে জিএনসি বিলুপ্তির দাবি জানিয়ে তখন থেকেই বিক্ষোভ করছে শত শত মানুষ।
লিবিয়ার আসল ক্ষমতার অধিকারী প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গোষ্ঠীগুলো দেশটির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গ্রুপগুলোর পেছনে রয়েছে। মিলিশিয়াদের হুমকিকে পশ্চিমা-সমর্থিত প্রধানমন্ত্রী আলী জিদান এবং পার্লামেন্টে তাঁর ইসলামপন্থী প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হিসেবে দেখা হচ্ছে। ইসলামপন্থী রাজনীতিকেরা প্রধানমন্ত্রী জিদানকে উৎখাতের চেষ্টা করছেন।
লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিবিরোধী অভ্যুত্থানের তৃতীয় বার্ষিকী পালনের এক দিন পর মিলিশিয়া গোষ্ঠীগুলো পার্লামেন্ট সদস্যদের এই হুমকি দিল। গাদ্দাফির পতন হলেও লিবিয়ায় শক্তিশালী কেন্দ্রীয় সরকার বা সামরিক বাহিনী গড়ে উঠতে পারেনি। এ পর্যন্ত যাঁরা সরকারে এসেছেন, তাঁরা গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী যোদ্ধাদের ওপরই নির্ভর করেছেন।
গত মঙ্গলবার আল-কাকা ও আল-সাওয়াকা নামের দুটি মিলিশিয়া গোষ্ঠী একটি যৌথ বিবৃতি দেওয়ার পর রাজনৈতিক নাটক শুরু হয়। বেশ কয়েকজন মিলিশিয়া নেতা টেলিভিশনের সামনে হাজির হন। তাঁদের মধ্যে একজন বিবৃতিটি পড়ে শোনান। বিবৃতিতে পার্লামেন্টকে স্থানীয় সময় রাত নয়টার (গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাতটা) মধ্যে ‘ক্ষমতা হস্তান্তর’ করার আহ্বান জানানো হয়। এতে হুমকি দিয়ে বলা হয়, যাঁরা পদত্যাগে অস্বীকৃতি জানাবেন, তাঁরা ‘জবরদখলকারী’ হিসেবে বিবেচিত হবেন। তাঁদের আটক করা হবে। আল-জাজিরা।