পদত্যাগে অস্বীকৃতি নেপালের প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। একমাত্র পরবর্তী নির্বাচিত সরকারের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। ব্রাজিল সফর শেষে গত সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ভট্টরাই। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছু রাজনৈতিক দলের চাপের কাছে নতি স্বীকার করে আমি পদত্যাগ করব না।’এদিন কাঠমান্ডু বিমানবন্দরের সামনে শত শত শিক্ষার্থী প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করে কালো পতাকা প্রদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁরা স্লোগানও দেন। এসব ছাত্র মূলত বিরোধী দল নেপালি কংগ্রেসের সমর্থক।নেপালি কংগ্রেসের কাঠমান্ডু জেলা শাখার সাধারণ সম্পাদক প্রচণ্ড দেব মানানদর বলেন, পুলিশের সঙ্গে তাঁদের কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় প্রায় ৩৫ জনকে। এঁদের মধ্যে রয়েছেন—নেপাল স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট কারনা রঞ্জিত ও নেপালি কংগ্রেসের কাঠমান্ডু জেলা শাখার সদস্য অনিশ রাম ভট্টরাই। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের এই হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নেপালি কংগ্রেস।নেপালি কংগ্রেস ও সিপিএন-ইউএমএলসহ প্রায় ২৫টির মতো রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের সরকার গঠনের দাবিতে প্রধানমন্ত্রী ভট্টরাইকে পদত্যাগের জন্য চাপ দিয়ে আসছে। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ২২ নভেম্বরের নির্বাচনকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে অভিহিত করেছে। পিটিআই।