পদত্যাগে সরকারকে চূড়ান্ত সময় বেধে দিলেন কাদরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তেহরিক-ই-মিনহাজুল কোরআন (টিএমকিউ) দলের প্রধান ও স্থানীয় বংশোদ্ভূত কানাডিয়ান ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির সমর্থকেরা আগামী নির্বাচন অনুষ্ঠানে চার দফা দাবি পেশ করেছেন। আর এ দাবির ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাঁরা সরকারকে বেধে দিয়েছেন এক রাতের সময় (গতকাল বুধবার দিবাগত রাত)। জিও নিউজ এ খবর জানিয়েছে। এদিকে দেশটির পার্লামেন্টের বাইরে গত তিনদিন ধরে টানা বিক্ষোভ ও অবস্থান চালিয়ে যাচ্ছেন ওই দলের সমর্থকেরা।পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পর টিএমকিউ দাবি আদায়ে সরকারকে ওই সময়সীমা বেঁধে দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষে বিক্ষোভকারীরা প্রয়োজনীয় খাবার ও বিছানাপত্রও মজুদ করেছেন। কাদরির নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভকে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফও সফল বলে আখ্যা দিয়েছেন। তিনি গতকাল বলেন, ‘শুরু থেকেই আমি তাঁদের সমর্থন দিয়েছি।’ কাদরি সমর্থকদের চার দফা দাবির মধ্যে রয়েছে: আগামীতে সব নির্বাচন সংবিধানের ৬২, ৬৩ ও ২১৮ নম্বর ধারা অনুসরণ করে হতে হবে, বর্তমান নির্বাচন কমিশন ভেঙে তা পুনর্গঠন করতে হবে, কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দিতে হবে এবং সামরিক ও বিচারবিভাগের পরামর্শে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। পার্লামেন্ট ভবনের অদূরে হাজার হাজার সমর্থক নিয়ে লংমার্চ-পরবর্তী বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন ধর্মীয় নেতা তাহির-উল-কাদরি। তাঁর ডেপুটি সাদিক কুরেশি প্রধানমন্ত্রীকে আদালতের গ্রেপ্তারের নির্দেশের প্রশংসা করে বলেন, এটা তাঁদের ‘প্রথম বিজয়’। তিনি ঘোষণা করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজধানীতে অবস্থান করবেন।শাবান আলভি (৫৭) নামের একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা খোলা আকাশের নিচে ঘুমাই। প্রচণ্ড ঠান্ডা থাকার পরও তা আমাদের কুপোকাত করতে পারে না। আমরা পরিবর্তন চাই।’জুবায়ের নামের আরেক বিক্ষোভকারী পাকিস্তানের বেকারত্বের ভয়াবহতার চিত্র তুলে ধরে বলেন, ‘আমি খালি পকেটে একটি প্রত্যন্ত গ্রাম থেকে ইসলামাবাদে এসেছি। আমার একটাই প্রত্যাশা, খারাপ দিনগুলো শেষ হয়ে যাক।’দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সালে পানি ও বিদ্যুৎমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একটি বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের জন্য ঘুষ নিয়েছিলেন। একই অভিযোগে আরও ১৬ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।নিরাপত্তাকর্মীদের হিসেবে, ২৫ হাজার থেকে ৫০ হাজার বিক্ষোভকারী ইসলামাবাদে অবস্থান করছেন। ২০০৮ সালে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর ইসলামাবাদে এত বড় বিক্ষোভ হয়নি। কাদরির প্রধান দাবি, সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনী ও বিচার বিভাগের সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এএফপি, টাইমস অব ইন্ডিয়া ও ডন।