পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মাধব কুমার বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। শান্তি-প্রক্রিয়া এগিয়ে নেওয়া, নতুন সংবিধান প্রণয়নের পথ সুগম করা ও বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্যই আমার এই সিদ্ধান্ত।’প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে পার্লামেন্টে আসন্ন বাজেট পাসে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছিল মাওবাদী দল। এর আগে গত ২৮ মে পদত্যাগ করতে রাজি হয়েছিলেন প্রধানমন্ত্রী মাধব। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও জাতীয় ঐকমত্যের সরকার গঠনের শর্তে দেশটির গণপরিষদের মেয়াদ এক বছর বাড়ানোর পক্ষে ভোট দেয় সাবেক গেরিলা নেতা পুষ্পকমল দহল প্রচণ্ডের মাওবাদী পার্টিসহ পার্লামেন্টের শীর্ষ তিনটি দল। তবে ভোটের মাধ্যমে গণপরিষদের মেয়াদ বাড়ানোর পর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে তাঁর মুখপাত্র বিষ্ণু রিজাল বলেন, জাতীয় ঐকমত্য, শান্তি ও নির্ধারিত সময়ে সংবিধানের খসড়া প্রণয়নের স্বার্থেই প্রধানমন্ত্রী মাধব কুমার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রধানমন্ত্রী মাধব কুমারের পদত্যাগের পর কে দায়িত্ব নেবেন, তা নিশ্চিত হয়নি। একটি সূত্র জানায়, মাধব কুমারের উত্তরসূরি ঠিক না হওয়া পর্যন্ত তাঁকেই ওই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানাতে পারেন প্রেসিডেন্ট রামবরণ যাদব।১০ বছর সশস্ত্র সংগ্রামের পর ২০০৬ সালে ক্ষমতাসীন দলগুলোর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে মাওবাদীরা। ২০০৮ সালের ১০ এপ্রিল নেপালে সংবিধান রচনার জন্য দুই বছরের মেয়াদের জন্য গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু দুই বছরেও সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয় গণপরিষদ। মেয়াদ শেষ হওয়ার আগে গত মে মাসের শেষ দিকে গণপরিষদের মেয়াদ এক বছর বাড়ানো হয়। এএফপি।