ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি তাঁর পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে পার্লামেন্টে তাঁর সরকারের পক্ষে আস্থা ভোটের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, তাঁর সরকারের পতন হলে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। পার্লামেন্টে দেওয়া ভাষণে ৭৫ বছর বয়সী বেরলুসকোনি বলেন, এই মুহূর্তে তাঁর মধ্য-ডানপন্থী সরকারের কোনো বিকল্প নেই। তাঁর সরকারের যদি পতন ঘটে, তবে আগাম নির্বাচনই একমাত্র বিকল্প। তিনি আরও বলেন, ‘শুধু বেরলুসকোনি-বিদ্বেষ থেকে আমার সরকারের বিরুদ্ধে হিংসাত্মক প্রচারণা চালানো হচ্ছে। তার পরও আমরা পরিবার ও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে যেতে চাই।’ ইতালির প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকারের একমাত্র কাজ ও দায়িত্ব হচ্ছে দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করা। আগাম নির্বাচন এ সংকট থেকে উত্তরণের কোনো উপায় হতে পারে না বলেও তিনি মত প্রকাশ করেন। এদিকে বিরোধী মধ্য-বামপন্থী আইনপ্রণেতারা বেরলুসকোনির এ ভাষণ বয়কট করেন। তবে তাঁরা আজ শুক্রবার আস্থা ভোটে অংশ নেবেন বলে জানিয়েছেন। এএফপি, রয়টার্স।