পদত্যাগের দাবি নাকচ করলেন থাই প্রধানমন্ত্রী ইংলাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিলেও পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। গতকাল সোমবার টেলিভিশন ভাষণে নিজের এই অবস্থানের কথা জানিয়ে থাই প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়ে ‘পিপলস কাউন্সিলকে’ দায়িত্ব দেওয়া হবে অসাংবিধানিক।
আগের দিন গত রোববার সরকারবিরোধী নেতা সুথেপ থগসুবান প্রধানমন্ত্রী ইংলাককে পদত্যাগ করতে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যেই প্রধানমন্ত্রী ইংলাক গতকাল টেলিভিশনে ভাষণ দেন। এ সময় তিনি বলেন, ‘জনগণকে খুশি করার জন্য আমি সবকিছুই করতে পারি...কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আমি যা-ই করি, সংবিধানের মধ্য থেকেই করতে হবে।’
বর্তমান সরকারের পদত্যাগের পর সাময়িকভাবে ‘পিপলস কাউন্সিল’কে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধী দলের দাবিকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে আখ্যা দেন ইংলাক। সরকারবিরোধীদের সহিংস বিক্ষোভকেও অসাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী নিরপেক্ষ থাকবে। আমি জানি, তারা দেশে শান্তি দেখতে চায়।’ ইংলাক দাবি করেন, যত তাড়াতাড়ি সম্ভব দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সরকারবিরোধী নেতা থগসুবান দাবি করেন, গত রোববার প্রধানমন্ত্রী ইংলাকের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। কিন্তু ওই বৈঠকে রাজনৈতিক সংকটের বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। থগসুবান জানান, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তাঁর (প্রধানমন্ত্রী) পদত্যাগ ছাড়া বিক্ষোভকারীরা কোনো কিছুই মানবে না। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলে দিয়েছি, এটাই আপনার সঙ্গে একমাত্র ও শেষ বৈঠক। জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে আর বৈঠক হবে না।’
সরকারবিরোধী এই নেতা জানান, সামরিক বাহিনীর উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ওই বৈঠক হয়। যদিও ওই বৈঠকের ব্যাপারে সরকারপক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
থগসুবান পরে প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য দুই দিনের সময় বেঁধে দেন। আজ মঙ্গলবার সময়সীমা শেষ হচ্ছে। সরকারবিরোধী আন্দোলনে শামিল হতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আহ্বান জানান থগসুবান। এর আগে থগসুবান গত রোববারকে ‘চূড়ান্ত বিজয়ের দিন’ বলে ঘোষণা দিয়েছিলেন। তবে ওই দিন তাঁদের সেই লক্ষ্য পূরণ হয়নি।
সরকারবিরোধীদের ডাকে গতকাল থেকে থাইল্যান্ডজুড়ে ধর্মঘট শুরু হয়েছে। তবে ব্যাংককে গতকাল অনেক বিপণিবিতান ও দোকানপাট খোলা দেখা গেছে।
রাজধানী ব্যাংককসহ বিভিন্ন স্থানে গতকালও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। ব্যাংককে হাজার হাজার বিক্ষোভকারী গতকাল পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববারের তুলনায় গতকাল বিক্ষোভকারীর সংখ্যা কম ছিল। ব্যাংককের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন রয়েছে। এএফপি, বিবিসি, রয়টার্স ও আল-জাজিরা।