পদত্যাগের দাবি প্রত্যাখ্যান, নির্বাচনে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে বিক্ষোভ চলছে, অশ্রুসিক্ত চোখে ইংলাক রাজপথ ছাড়তে বললেন বিরোধীদের
থাইল্যান্ডে বিক্ষোভ চলছে, অশ্রুসিক্ত চোখে ইংলাক রাজপথ ছাড়তে বললেন বিরোধীদের

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আবারও পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। গতকাল মঙ্গলবার অশ্রুসিক্ত হয়ে বিক্ষোভকারীদের রাজপথ ছেড়ে আসন্ন নির্বাচনে সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। তবে বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে অনির্বাচিত পিপলস কাউন্সিলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তাঁর প্রতি দাবি জানিয়েছে।

অব্যাহত বিক্ষোভের মুখে সোমবার পার্লামেন্ট ভেঙে দেন ইংলাক। ওই দিনই নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে।
নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ইংলাক। গতকাল সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার পার্লামেন্ট ভেঙে দিয়েছে। এখন আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, বিক্ষোভ বন্ধ করুন। রাজপথ ছেড়ে দিন। নির্বাচনের জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করতে দিন।’

ইংলাক বলেন, ‘আমি পিছু হটেছি; কিন্তু জানি না, কী করে আরও পেছানো যায়। ভোটের মাধ্যমে জনগণই রায় দেবে, কে যাবে পরবর্তী সরকারে। কিন্তু সংবিধান অনুযায়ী আমি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছি। পদত্যাগ করা সম্ভব নয়।’
প্রায় তিন হাজার বিক্ষোভকারী সোমবার সারা রাত গভর্নমেন্ট হাউসের সামনে অবস্থান করে। ওই হাউসে ইংলাকের কার্যালয় রয়েছে। সোমবার দিনে অন্তত এক লাখ ৬০ হাজার বিক্ষোভকারী হাউসের সামনের চত্বরে সমাবেশে অংশ নেয়। তবে ভেতরে ঢোকার চেষ্টা করেনি কেউ। গতকাল একই স্থানে সমাবেশ হয়।

২০১১ সালে নির্বাচনে তাঁর পুয়ে থাই পার্টি জয়ী হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইংলাক। একটি বিলকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে তাঁর বিরুদ্ধে আন্দোলন চলছে। তাদের অভিযোগ, ইংলাকের সরকারের ওপর তাঁর বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রভাব রয়েছে।

ধনকুবের থাকসিনকে ২০০৬ সালে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ ছিল। এ ছাড়া অভিযোগ রয়েছে, ইংলাক তাঁর হাতের পুতুল ছিল। থাকসিনের নির্দেশেই তিনি সরকার চালান। তাঁর সরকারের বিরুদ্ধেও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। ভোটারদের মন জয় করতে সরকারি কোষাগার থেকে কাণ্ডজ্ঞানহীনভাবে অর্থ খরচ করছিল ইংলাক সরকার। এএফপি ও রয়টার্স।