পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, গত সপ্তাহে দেশটির পানি উৎসব চলাকালে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৩৫১ জনের প্রাণহানির ঘটনায় কোনো সরকারি কর্মকর্তাকে দায়ী করা হবে না। এ ছাড়া তিনি পদত্যাগের প্রস্তাবও নাকচ করে দিয়েছেন। গতকাল রাজধানী নমপেনে একটি সরকারি ভবনের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী হুন সেন বলেন, যা ভুল হওয়ার তা হয়ে গেছে। কাজেই কোনো সরকারি কর্মকর্তা পদত্যাগ করবেন না। এ ছাড়া সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানানোর বিষয়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘অসতর্কতার জন্যই ওই দুর্ঘটনা ঘটেছে। সেটা আমাদের প্রত্যাশিতও ছিল না। তবে পুরো ঘটনা বুঝতে না পারাটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল।’দুর্ঘটনার পর একটি ভিডিও ফুটেজে দেখা যায়, তিন ঘণ্টা ধরে শত শত মানুষ একজন আরেকজনের ওপর স্তূপাকারে পড়ে আছে। তাদের মধ্যে কেউ জীবিত, কেউ মৃত কিংবা অচেতন। কেউ বা সাহায্যের জন্য চিৎকার করছে। এ সময় উদ্ধারকারীদের বিশৃঙ্খল অবস্থায় দেখা যায়। জীবিত ব্যক্তিদের উদ্ধারের ব্যাপারে তাঁরা তখন সন্দিহান ছিলেন।গত সপ্তাহে কম্বোডিয়ার রাজধানী নমপেনে বার্ষিক পানি উৎসব চলাকালে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ও সেতু থেকে পড়ে গিয়ে ৩৫১ জনের প্রাণহানি হয়। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী হুন সেন ক্ষমা প্রার্থনা করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। ওই সময় ঘটনা তদন্তের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। রয়টার্স।