পদত্যাগের ‘পরিকল্পনা’ করছেন ইতালির প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির প্রধানমন্ত্রী মারিও মন্তি বলেছেন, তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন। সরকারের ওপর থেকে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির দল পিপল অব ফ্রিডম (পিডিএল) সমর্থন প্রত্যাহার করার পর তিনি এই পরিকল্পনার কথা বললেন। প্রধানমন্ত্রী মন্তি বলেছেন, পদত্যাগ করার আগে তিনি পার্লামেন্টে আগামী বাজেট ও অর্থনীতি স্থিতিশীল রাখার আইন পাস করানোর চেষ্টা করবেন। গত শনিবার ইতালির প্রেসিডেন্ট গিওর্গি নাপোলিতানোর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘মন্তি মনে করেন, এভাবে তাঁর মেয়াদ পূর্ণ করা সম্ভব নয়। তাই তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন।’ বিবৃতিতে বলা হয়, আগামী বছরের বাজেট আইনটি ‘দ্রুত’ পাস করানো গেলে তাৎক্ষণিকভাবে মন্তি পদত্যাগ নিশ্চিত করবেন। গত বৃহস্পতিবার বেরলুসকোনির পিডিএল সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ইতালির অর্থনৈতিক সংকট সামাল দিতে ব্যর্থ হওয়ায় গত বছরের নভেম্বরে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী বেরলুসকোনি। পরে তাঁর স্থলাভিষিক্ত হন অর্থনীতিবিদ মারিও মন্তি। বিবিসি।