পদোন্নতিতে কোটাব্যবস্থা নিয়ে রাজ্যসভায় হইচই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরির পদোন্নতিতে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য কোটাব্যবস্থা চালুসংক্রান্ত একটি বিতর্কিত সংবিধান সংশোধন বিল নিয়ে গতকাল বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তুমুল হইচই হয়েছে। সমাজবাদী পার্টি (এসপি) ও বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) সাংসদেরা এই বিলের বিরোধিতা করে হট্টগোল করেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিলটি উত্থাপন করা হয়। কোটা সংরক্ষণ নিয়ে গত এপ্রিলে উত্তর প্রদেশ রাজ্যসরকারের এক সিদ্ধান্ত অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে সংবিধানের ধারায় সংশোধনী এনে গতকাল রাজ্যসভায় বিলটি তোলা হয়। রাজ্যসভার উপপ্রধান পি জে কুরিয়েন সরকারের প্রতি বিলটি তুলে নেওয়ার আহ্বান জানানোর পরপরই হইচই শুরু হয়। বিলের বিরোধিতাকারী সমাজবাদী পার্টির সাংসদেরা এতে একযোগে অংশ নেন। এ সময় দলের সাংসদ নরেশ আগারওয়াল স্পিকারের বসার স্থানের দিকে এগোতে থাকেন। পরে তাঁকে বহুজন সমাজবাদী পার্টির সাংসদ অবতার সিং করিমপুরী নিবৃত করেন। বিশৃঙ্খলার একপর্যায়ে অধিবেশনকক্ষে নিরাপত্তাকর্মীদের ডাকা হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতেই ওই হট্টগোল চলে। এদিকে বিশৃঙ্খলা পরপরই প্রধানমন্ত্রী এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে ও প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টোনির সঙ্গে এক আলোচনা করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সংরক্ষণসংক্রান্ত মূল বিল সময়স্বল্পতার কারণে পার্লামেন্টের চলতি অধিবেশনে উপস্থাপন না করার আভাস দেন। দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।