ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘পবিত্র ভূমিতে অবশ্যই শান্তি ফিরিয়ে আনতে হবে।’প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ইসরায়েল সফরে গিয়ে গতকাল বুধবার ওবামা এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে তিন দিনের এই সফরে তিনি ফিলিস্তিনি ভূখণ্ড এবং জর্ডানেও যাবেন।গতকাল সকালে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ওবামাকে স্বাগত জানান ইসরায়েলি নেতারা। ওবামা বলেন, ‘আমাদের মৈত্রী অন্তরের, এটা চিরদিনের।’ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ ওবামার প্রশংসা করে তাঁকে ‘অনন্য বিশ্বনেতা’ হিসেবে অভিহিত করেন। ওবামাকে উদ্দেশ করে পেরেজ বলেন, ‘আপনার বন্ধুত্ববিহীন ইসরায়েল বিশ্বের আগ্রাসনের মুখে পড়বে। শান্তি বা যুদ্ধ, যেকোনো সময় ইসরায়েলের প্রতি আপনার সমর্থন অটুট।’যাঁর সঙ্গে ওবামার সম্পর্ক অম্লমধুর সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ সময় ছিলেন উচ্ছ্বসিত। ওবামাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইহুদিদের স্বদেশভূমিতে তাদের অধিকার প্রতিষ্ঠায় এবং সেই অধিকারের পক্ষে জাতিসংঘে জোরালো অবস্থান নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রেসিডেন্ট।’ওবামা, নেতানিয়াহু ও পেরেজ—তিনজনের পরনেই ছিল সাদা শার্ট এবং নীল টাই। এ দুটি রং ইসরায়েলি পতাকার।প্রথম মেয়াদের চার বছর ক্ষমতায় থাকার সময় একবারের জন্যও বন্ধুরাষ্ট্র ইসরায়েলে যাননি ওবামা। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর প্রথম সফর হিসেবে তিনি বেছে নিয়েছেন দেশটিকে। যদিও তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার নতুন কোনো উদ্যোগ নিয়ে তিনি ওই অঞ্চলে যাচ্ছেন না। তাঁর এবারের সফরের লক্ষ্য—ওই অঞ্চলের নেতারা কী ভাবছেন, তাঁদের কাছ থেকে তা জানার চেষ্টা করা।এর পরও আরব বসন্তের প্রভাবে দ্রুত বদলে যেতে থাকা মধ্যপ্রাচ্যে ওবামার এই সফর নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে। উত্তাল মধ্যপ্রাচ্যে বন্ধুরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজেদের স্বার্থ রক্ষায় নতুন কৌশল গ্রহণের প্রস্তুতি নিতেই তিনি ওই অঞ্চল সফরে গেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।গতকাল তেল আবিবে পা রেখে ওবামা নিজেই তা স্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সাম্প্রতিক সময়ে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে পরিবর্তনের যে হাওয়া বইছে, তা একই সঙ্গে ইসরায়েলের জন্য সুযোগ ও বিপদ—দুটিই নিয়ে এসেছে। তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থেই আমাদের ইসরায়েলের পাশে থাকতে হবে।’ এএফপি।