পয়োনিষ্কাশন পাইপ কেটে উদ্ধার করা শিশুটি এখন সুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার ইঞ্চি পাইপ কেটে উদ্ধার করা হয় নবজাতকটিকে। ছবি: বিবিসি।
চার ইঞ্চি পাইপ কেটে উদ্ধার করা হয় নবজাতকটিকে। ছবি: বিবিসি।

চীনে পয়োনিষ্কাশনের পাইপ কেটে জীবিত অবস্থায় উদ্ধার করা নবজাতককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। গত শনিবার চীনের জিঝেয়াং প্রদেশের ঝিংহুয়া শহরের একটি হাসপাতালের পয়োনিষ্কাশন পাইপ কেটে শিশুটিকে বের করা হয়। চার ইঞ্চি ব্যাসের পাইপের মধ্যে আটকা পড়েও বেঁচে ছিল শিশুটি। বের করার সময় শিশুটি মাথা ও আঙুলে সামান্য আঘাত পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিশুটির মা জানান, জন্ম দেওয়ার সময় শিশুটি দুর্ঘটনাবশত টয়লেটে পড়ে যায়। পরে সে পয়োনিষ্কাশন পাইপে আটকে যায়।
প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ ছিল, শিশুটিকে হত্যার জন্য টয়লেটের ভেতরে ছুড়ে ফেলা হয়েছিল। তবে পরে পুলিশ জানায়, এটি দুর্ঘটনাও হতে পারে। স্থানীয় পুলিশ রয়টার্সকে জানায়, শিশুটির নানা-নানি তাকে নিয়ে গেছেন। শিশুটির বাবাও হাসপাতালে গেছেন বলে জানা গেছে।

রয়টার্স ও বিবিসিতে প্রকাশিত খবরে স্থানীয় সূত্রগুলো জানায়, শিশুটি পয়োনিষ্কাশনের পাইপে পড়ে যাওয়ার পরই তার মা বাড়ির মালিককে বিষয়টি জানান। কিন্তু তখনো তিনি বলেননি যে শিশুটি তাঁর নিজের। শিশুটির মা পুলিশকে বলেছিলেন, গর্ভপাত করার মতো অর্থ তাঁর নেই। তিনি অবিবাহিতা। শিশুটিকে লালনপালন করার মতো আর্থিক সামর্থ্যও তাঁর নেই। তিনি তাঁর সন্তান ধারণের বিষয়টিও গোপন রেখেছিলেন।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শিশুটির বাবা হাসপাতালে সন্তানের পিতৃত্ব যাচাই করে দেখতে চান। বিয়ের আগে যৌন সম্পর্ক চীনে এখন একটি সাধারণ বিষয়। তবে অবিবাহিত মায়েদের সমাজ এখনো ভালো চোখে দেখে না।