পরকীয়ার জেরে সিআইএ প্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান ডেভিড পেট্রাউস পদত্যাগ করেছেন। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে গত শুক্রবার পদত্যাগ করেন তিনি। পেট্রাউসের পদত্যাগের পর সিআইএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইকেল মোরেল।গণমাধ্যমের খবরে জানা যায়, পেট্রাউস মার্কিন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার সাবেক নারী কর্মকর্তা পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচিত হওয়ার মাত্র তিন দিন পর সিআইএ প্রধানের পদত্যাগকে এক ধরনের ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। গত সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলায় দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ চার মার্কিনি নিহত হন। এ ঘটনাকে সিআইএর ব্যর্থতা বলে সমালোচনা চলছিল।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, সিআইএর কর্মীদের প্রতি পাঠানো এক বার্তায় পেট্রাউস বলেন, ‘আমার বিয়ের ৩৭ বছর পেরিয়ে গেলেও দুঃখজনকভাবে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছি। একজন স্বামী হিসেবে এবং এমন একটি গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে আমার এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।’ঠিক কখন বা কেন এই ঘটনায় পেট্রাউসের পদত্যাগ করা উচিত বলে মনে হলো—তার ব্যাখ্যা সিআইএ বা পেট্রাউস দেননি। তবে একটি সূত্র জানায়, ব্যক্তিগত সমস্যা বা সিআইএর প্রধান হিসেবে কাজ করা স্পর্শকাতর বিবেচনা করে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসসহ মার্কিন গণমাধ্যমের খবরে জানা যায়, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) সন্দেহবশত পেট্রাউসের ব্যবহার করা একটি কম্পিউটারের তথ্য-উপাত্ত নিয়ে তদন্ত করলে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি প্রকাশিত হয়। নাম উল্লেখ না করে কয়েকজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, পেট্রাউস যে নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তাঁর নাম ব্রডওয়েল। পেট্রাউসের জীবনী নিয়ে ব্রডওয়েল অল ইন: দি এডুকেশন অব ডেভিড পেট্রাউস শীর্ষক বই লিখেছেন। এনবিসি নিউজসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পেট্রাউসের জীবনী নিয়ে বই লেখার আগে ব্রডওয়েল তাঁর সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটান। এ সময় পেট্রাউসের কাছ থেকে ব্রডওয়েল কোনো গোপন তথ্য পেয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে এফবিআই। সেই তদন্তেই পেট্রাউসের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি উঠে আসে। সিআইএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া মাইকেল মোরেল এর আগে সিআইএর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোরেলের ওপর আস্থা প্রকাশ করে প্রেসিডেন্ট ওবামা বলেন, মোরেলের নেতৃত্বের প্রতি তাঁর ‘অগাধ আস্থা’ রয়েছে।লকহিডের সিইওর পদত্যাগ: মার্কিন প্রতিরক্ষা ও প্রযুক্তিবিষয়ক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টোফার কুবাসিক পদত্যাগ করেছেন। বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনায় পদত্যাগ করেন তিনি। আগামী জানুয়ারিতে লকহিড মার্টিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল কুবাসিকের। বিবিসি, এএফপি।