বিয়ের জমকালো আসর বসেছে। অতিথিরা সবাই চলে এসেছেন। চলে এসেছেন বরযাত্রীরা। বর-কনের মালাবদল চলছে। এমন সময় কনে হঠাৎ বুঝতে পারেন, বরের মাথায় চুল নেই। বর মাথায় পরচুলা পরে বিয়ে করতে এসেছেন। তাতেই বেঁকে বসেন ওই কনে। তিনি টেকো বর বিয়ে করতে নারাজ। অগত্যা বিয়ে না করেই ফিরতে হয় ওই বরকে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ইতভা জেলার ভারথানা এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতভা জেলায় কনের বাড়িতে বসেছিল বিয়ের আসর। বর অজয় কুমারের বাড়ি একই রাজ্যের অরেয়া এলাকার বিধুনা শহরে। সেখান থেকেই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব নিয়ে বিয়ে করতে করের বাড়িতে যান অজয়।
সবকিছু ঠিকঠাক চলছিল। বরযাত্রীকে বরণ করে নেয় কনেপক্ষ। আপ্যায়নও করা হয়। ঝামেলা বাধে মালাবদল করতে গিয়ে। এ সময় কনে দেখেন, বর অজয় তাঁর মাথায় থাকা পাগড়ি ব্যস্ত হয়ে ঠিকঠাক করছেন। বারবার তিনি হাত দিয়ে মাথার পাগড়ি ঠিক রাখার চেষ্টা করছেন।
এতে সন্দেহ হয় কনের। পরক্ষণেই পাশে থেকে একজন এসে কনেকে বলেন, বরের মাথায় চুল নেই। অজয় টেকো। পরচুলা মাথায় পরে বিয়ে করতে এসেছেন তিনি। এ জন্য বারবার পাগড়ি ঠিকঠাক করতে হচ্ছে অজয়ের। অস্বস্তি হচ্ছে তাঁর। এ কথা শুনে অজ্ঞান হয়ে বিয়ের মঞ্চের ওপর পড়ে যান কনে। শোরগোল পড়ে যায় বিয়ের আসরে।
জ্ঞান ফিরলে বেঁকে বসেন কনে। বিয়ে ভেঙে দেন তিনি। ওই নারীর এক কথা, যাঁর মাথায় চুল নেই, তিনি তাঁকে বিয়ে করবেন না। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন কনেকে বোঝান। কিন্তু এতে কনের মন গলেনি। নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। ফলে বাধ্য হয়েই বিয়ের আশা অপূর্ণ রেখে বাড়ি ফিরতে হয় অজয়কে।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলেছে। অনেকে ওই কনের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন। অনেকে বিয়ে ভেঙে দেওয়ায় তাঁর সমালোচনা করেছেন। আবার অনেকে বলছেন, বিয়ের কথাবার্তা চলার সময়ই অজয়ের উচিত ছিল তাঁর মাথায় চুল না থাকা এবং নিয়মিত পরচুলা পরার বিষয়টি কনেপক্ষকে জানানো। তাহলে আর বিয়ের আসরে এমন বিড়ম্বনায় পড়তে হতো না।