পরম বন্ধু গাছ
সব বাবাই মেয়ের বিয়ে নিয়ে কমবেশি চিন্তিত থাকেন। আর দেশটি যদি ভারত হয়, তা হলে তো কথাই নেই। কারণ দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত এ দেশটিতে মেয়েদের এখনো বোঝা মনে করা হয়। মেয়ের বিয়ের যৌতুকের চিন্তায় বাবা-মাকে সব সময় অস্থির থাকতে হয়। এ জন্য ভারতে কারও ছেলে হলে মুখ খুশিতে ভরে ওঠে। কন্যাসন্তান জন্ম নিলে মুখ ম্লান হয়ে যায়। কিন্তু এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলার দারহারা গ্রামে। এখানে কন্যাশিশুর জন্মকে সানন্দে গ্রহণ করা হয়। আর এটি হয়েছে মূলত গাছের কারণে। গাছের কল্যাণে এই গ্রামের লোকজন মেয়ের বিয়ের খরচ নিয়ে খুব একটা মাথা ঘামায় না। গাছ এখানে আবির্ভূত হয়েছে মেয়েদের পরম বন্ধু হিসেবে। দারহারা গ্রামের কোনো পরিবারে কোনো কন্যাশিশু জন্ম নিলে সেই পরিবার কমপক্ষে ১০টি আমগাছ রোপণ করে। মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো বড় হয়। আর সেসব গাছের আম বিক্রির টাকা দিয়েই মা-বাবা মেয়ের বিয়ের খরচ সেরে ফেলেন অনায়াসে। এ জন্য দারহারা গ্রামের মেয়েদের মা-বাবারা সব সময় থাকেন বেশ ফুরফুরে মেজাজে। এই গ্রামের বাসিন্দা সুবাস সিং। তাঁর ১৯ বছর বয়সী মেয়ে নিকা কুমারীর বিয়ে এই জুন মাসেই। হবু জামাতা একজন স্কুলশিক্ষক। বিয়েতে অনেক খরচের ব্যাপার থাকলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন সামান্য কৃষক সুবাস সিং। কারণ মেয়ের জন্মের সময় তিনি যে আমগাছগুলো লাগিয়েছিলেন, সেগুলো এখন বড় হয়ে উঠেছে। এসব গাছের আম বিক্রি করে তিনি যে টাকা পাবেন, তা দিয়ে মেয়ের বিয়ের কাজটা সারতে পারবেন বেশ ভালোভাবে। টাকা-পয়সার জন্য কারও কাছে যেতে হবে না তাঁকে। মেয়ের বিয়ে নিয়ে বিবিসির সাংবাদিক অমরনাথ তেওয়ারির সঙ্গে আলাপকালে সুবাস সিং বললেন, ‘যে দিনটির জন্য গাছ লাগিয়েছিলাম, সেই দিনটি এসে গেছে। গাছের আম তিন বছরের জন্য আগাম বিক্রি করে দিয়েছি। এ বাবদ যে টাকা পেয়েছি, তা দিয়ে মেয়ের বিয়ের যাবতীয় খরচ মেটানো যাবে।’ ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বিহার অর্থনৈতিকভাবে বেশ পশ্চাৎপদ। বিয়েতে যৌতুক দেওয়াটা এখানে খুব সাধারণ একটা বিষয়। ছেলের জাত, সামাজিক অবস্থান, চাকরি, শিক্ষা ইত্যাদি ভেদে যৌতুকের পরিমাণ কমবেশি হয়ে থাকে। অভিশপ্ত এই যৌতুকের কারণে বিহারে প্রতিবছর অনেক মেয়ের জীবন অকালে ঝরে যাচ্ছে। অথচ আমগাছের বদৌলতে এই রাজ্যেরই একটি গ্রামের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। এখানে মেয়ের যৌতুক নিয়ে নিকা কুমারীর বাবার মতো কোনো বাবাকেই ভাবতে হয় না। বিহারের সাত হাজার গ্রামে প্রায় এক লাখ বড় গাছ আছে। এগুলোর অধিকাংশ আম ও লিচুগাছ।দারহারা গ্রামের আরেক বাসিন্দা শ্যাম সুন্দর সিং জানান, তাঁরা এখন জমিতে ধান ও গম চাষ বন্ধ করে দিয়েছেন। এর পরিবর্তে তাঁরা আমবাগান করছেন। বাগানের আম বিক্রি করেই তিনি তিন মেয়ের বিয়ে দিয়েছেন। তিনি জানান, মাঝারি আকৃতির একটি বাগানের আম প্রতিবছর কমপক্ষে ২০ হাজার রুপিতে বিক্রি করা যায়।গ্রামবাসী জানান, তাঁরা আম বিক্রি থেকে পাওয়া টাকার একটি অংশ প্রতিবছর ব্যাংকে রেখে দেন। পরে সেই অর্থ খরচ করেন মেয়ের বিয়েতে। গ্রামে এখন গাছ রোপণের হার দিন দিন বাড়ছে। বিবিসি।