পরমাণু অস্ত্র আরও কমানোর অঙ্গীকার প্রেসিডেন্ট ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সঙ্গে মিলে পারমাণবিক অস্ত্র আরও কমানোর অঙ্গীকার করেছেন মার্ির্কন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হানকুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তাবিষয়ক শীর্ষ সম্মেলন সামনে রেখে ওই বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় ওবামা দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রয়োজনের তুলনায় ‘ওয়ারহেড’ বেশি আছে। পরামাণবিক অস্ত্রবিষয়ক এই বিতর্কে উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে কট্টর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।এদিকে সিরিয়ার সহিংসতা অবসানে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গতকালই রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে ওবামার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।ওবামা বলেন, ‘আমরা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, প্রয়োজনের চেয়ে আমাদের পারমাণবিক অস্ত্র বেশি আছে।’ তিনি বলেন, আগামী মে মাসে রাশিয়ার নতুন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হবে। এ সময় অস্ত্র নিয়ন্ত্রণে নতুন করে পদক্ষেপ নেওয়া হবে। তবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ওবামার নতুন কোনো পদক্ষেপ কংগ্রেসে তাঁকে রিপাবলিকান দলের চাপের মুখে ফেলতে পারে। তারা এর মধ্যে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধব্যবস্থা দুর্বল করে ফেলছেন ওবামা।যুক্তরাষ্ট্র ও রাশিয়া—উভয়ই হাজার হাজার ‘ওয়ারহেডের’ অধিকারী। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে যাঁরা কাজ করছেন, তাঁদের মতে, এসব অস্ত্র দিয়ে গোটা বিশ্ব কয়েকবার ধ্বংস করে দেওয়া সম্ভব।গতকাল দ্বিপক্ষীয় বৈঠকে ওবামা ও মেদভেদভে—উভয়ই রাশিয়ার রক্তক্ষয়ী সহিংসতা অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে একমত হন। দেড় ঘণ্টার এই বৈঠকের পর ওবামা সাংবাদিকদের বলেন, সিরিয়ায় রক্তপাত বন্ধে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার ব্যাপারে তাঁরা একমত হন। সিরিয়ায় একটি বৈধ সরকার প্রতিষ্ঠাই তাঁদের লক্ষ্য।ওবামা ভাষণে উত্তর কোরিয়াকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় তারা আরও নিষেধাজ্ঞার মুখে পড়বে। উত্তর কোরিয়া আগামী মাসে রকেট উৎক্ষেপণের ঘোষণা করেছে। এ ব্যাপারে সিউল ও ওয়াশিংটন জানিয়েছে, রকেট উৎক্ষেপণের আড়ালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হবে। বিষয়টি নিয়ে গতকাল চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে ওবামার আলোচনা হওয়ার কথা। উত্তর কোরিয়া যাতে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা থেকে পিছিয়ে আসে, এ ব্যাপারে তাদের রাজি করাতে চীনকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র। রয়টার্স।