আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত মঙ্গলবার আইএইএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পরমাণু অস্ত্র তৈরির জন্য তেহরান কয়েকটি পরীক্ষা চালিয়েছে। এ ব্যাপারে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। আইএইএর ওই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়, ইরানের পরমাণু কার্যক্রমের সম্ভাব্য সামরিক তৎপরতা নিয়ে সংস্থাটি গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়টি বিভিন্নভাবে যাচাই করে দেখা গেছে, পরমাণু বোমার নকশা তৈরির জন্যও ইরান কাজ করছে।আইএইএ আরও জানায়, ২০০৩ সালের শেষ দিকে ইরান এই কাজ করেছে এবং এখনো কিছু কাজ চলছে। সংস্থাটি বলছে, ইরান পরমাণু অস্ত্রের প্রাথমিক নকশাসহ সংশ্লিষ্ট উপকরণের পরীক্ষাও চালিয়েছে। ইরানের এই কার্যক্রমের প্রতিবেদন তারা আগামী সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দিতে পারে। পাশাপাশি এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আইএইএর পক্ষ থেকে ইরানের প্রতি আহ্বানও জানানো হয়েছে। ইরান প্রথম থেকে বলছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান অবজ্ঞা করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তেহরানের ওপর এ পর্যন্ত চার দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আইএইএর এই প্রতিবেদন তেহরান নাকচ করে দিয়েছে। তেহরান বলছে, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইএইএতে নিযুক্ত ইরানের দূত আলী আসগর সোলতানি বলেন, ভারসাম্যহীন এই প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপে পড়ে আইএইএ এ ধরনের প্রতিবেদন তৈরি করেছে। তিনি আরও বলেন, এর আগেও একই ধরনের অভিযোগ তোলা হয়েছিল। ইরান এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণ দিয়েছে।ইরানের পরমাণু স্থাপনা বন্দ করে দিতে ইসরায়েল সে দেশে হামলা চালাতে পারে, এমন গুজবের প্রেক্ষাপটে আইএইএ এই প্রতিবেদন প্রকাশ করল। বিশ্লেষকদের মতে, প্রতিবেদনটি তেহরানকে আরও চাপের মুখে ফেলবে। ‘নজিরবিহীন’ নিষেধাজ্ঞা আরোপের হুমকি ফ্রান্সের: আইএইএর প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইরানের ওপর ‘নজিরবিহীন’ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফ্রান্স।ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরান যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি প্রত্যাখ্যান করে এবং সহযোগিতা বন্ধ করে দেয়, তাহলে তাকে নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে চলে, এমন দেশগুলোকে সঙ্গে নিয়ে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এ জন্য আমরা প্রস্তুত আছি।আইএইএ ইরানের পরমাণু কার্যক্রম সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ফ্রান্স উদ্বিগ্ন। কারণ, প্রতিবেদনে দেখা গেছে, ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে। বেসামরিক শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পরমাণু কর্মসূচির পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ দেখাতে পারেনি তেহরান। এএফপি, রয়টার্স, আল-জাজিরা।