পরমাণু অস্ত্র হ্রাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরমাণু অস্ত্র হ্রাসে তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল হিসেবে তিনি অস্ত্র হ্রাসের বিষয়টি বিবেচনা করছেন। গত শুক্রবার পরমাণু অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির (এনপিটি) ৪০তম বার্ষিকীতে এক বিবৃতিতে ওবামা এ কথা বলেন। বিবিসি, এএফপি।বারাক ওবামা বলেন, ‘আমরা স্নায়ুযুদ্ধের সময়ের চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে আসব। জাতীয় নিরাপত্তা কৌশলে পরমাণু অস্ত্রের ভূমিকাও কমিয়ে আনা হবে।’ এনপিটিকে তিনি বিশ্বে পরমাণু অস্ত্রবিস্তার রোধের ‘ভিত্তিপ্রস্তর’ বলে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বিশ্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধ করা একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ। আমরা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাব। এ জন্য আমরা ‘কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিয়েটি’কে (সিটিবিটি) আরও দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহূত উপাদানের উত্পাদন বন্ধে একটি চুক্তির ব্যাপারে আলোচনা করছি।” বারাক ওবামা গত বছর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার ডাক দেন। যুক্তরাষ্ট্র আগামী মাসে ওয়াশিংটনে পরমাণু অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। এ ছাড়া মার্কিন প্রশাসন রাশিয়ার সঙ্গে নতুন একটি চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। ১৯৯১ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি (স্টার্ট) স্বাক্ষরিত হয়। গত ডিসেম্বরে ওই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ওবামা বলেন, পরমাণু অস্ত্র হ্রাসের ব্যাপারে চুক্তি করতেই রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এনপিটির ৪০তম বার্ষিকীতে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, এনপিটিতে স্বাক্ষরকারী দেশ ইরান ও উত্তর কোরিয়া এ চুক্তি লঙ্ঘন করছে। এর মাধ্যমে দেশ দুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রকাশ্য বিরোধিতা করছে।ইরান বারবার বলে আসছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আর উত্তর কোরিয়া ২০০৩ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যায়। তবে পশ্চিমা বিশ্বের অভিযোগ, পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে দেশ দুটি এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।