পরমাণু অস্ত্রের তথ্য বিক্রির চেষ্টার অভিযোগে মার্কিন বিজ্ঞানী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের এক শীর্ষস্থানীয় পরমাণু গবেষণাগারে কাজ করা সম্পর্কে স্বামী-স্ত্রী দুই বিজ্ঞানীকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পরমাণু অস্ত্রবিষয়ক গোপন তথ্য ভেনেজুয়েলার কাছে বিক্রি করার চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এই তথ্য ভেনেজুয়েলাকে এক দশকের মধ্যে পরমাণু অস্ত্র তৈরিতে সহায়তা করত বলে মার্কিন কর্মকর্তাদের ধারণা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিজ্ঞানী পেদ্রো লিওনার্দো মাসকেরনি (৭৫) ও তাঁর স্ত্রী মারজোরি রকসবি মাসকেরনি (৬৭)। দুজনই নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরিতে কাজ করতেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে। স্ত্রী মারজোরি মাসকেরনিকে গ্র্রেপ্তার করা হলেও পরে কঠিন শর্তে ছেড়ে দেওয়া হয়।বলা হয়েছে, মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা কৌশলে প্রলোভনের ফাঁদে ফেলে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের আলবুকার্কির ফেডারেল আদালতে হাজির করা হয়। আদালত সোমবার সকালে পরবর্তী শুনানির আগ পর্যন্ত পেদ্রো মাসকেরনিকে আটক রাখার নির্দেশ দেন।নিউ মেক্সিকোর অ্যাটর্নি কেনেথ গনজালেস বলেন, এ ঘটনায় মার্কিন সরকার ভেনেজুয়েলা সরকার বা অন্য কারও বিরুদ্ধে গোপন পরমাণু তথ্য বাগানোর চেষ্টার অভিযোগ তোলেনি। জানা গেছে, প্রায় এক বছর ধরে মাসকেরনি দম্পতির বিষয়ে তদন্ত করছিল এফবিআই। গত অক্টোবরে ওই দম্পতির লস আলামসের বাড়ি থেকে কম্পিউটার, চিঠি, আলোকচিত্র, বই ও মুঠোফোন জব্দ করেন তাঁরা। ওই সময় সাংবাদিকদের কাছে পেদ্রো মাসকেরনি বলেন, সরকার ভুলক্রমে তাঁকে গুপ্তচর ভেবে বসেছে। এ বিজ্ঞানী আরও বলেছিলেন, হাইড্রোজেন ফ্লোরাইড লেজারের সাহায্যে পরমাণু শক্তি উৎপাদন করা যেতে পারে—মার্কিন কর্তৃপক্ষ তাঁর এ তত্ত্ব নাকচ করে দেওয়ার পর তিনি ভেনেজুয়েলার সঙ্গে যোগাযোগ করেছিলেন। উত্থাপিত ২২ দফা অভিযোগ অনুযায়ী, পেদ্রো মাসকেরনি ছদ্মবেশী গোয়েন্দার কাছে বলেন, ১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্র বানানোর ব্যাপারে তিনি ভেনেজুয়েলাকে সহায়তা করছেন। মার্কিন বিচার মন্ত্রণালয় ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো অভিযোগ না করলেও এ খবর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু তিক্ততা সৃষ্টি করতে পারে। ভেনেজুয়েলার বামপন্থী নেতা হুগো শাভেজ যুক্তরাষ্ট্রের কঠিন সমালোচক। এপি, এএফপি।