পরমাণু আলোচনায় কোনো পূর্বশর্ত দেওয়া চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ইরানকে অবশ্যই আন্তরিক হতে হবে এবং কোনো পূর্বশর্ত দেওয়া চলবে না। ছয় বিশ্বশক্তি—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি গতকাল বৃহস্পতিবার ভিয়েনায় নিজেদের মধ্যে বৈঠকের পর ইরানকে এ কথা বলেছে।ইরানের বিরুদ্ধে বিশ্বশক্তিগুলোর অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে তেহরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এ অভিযোগ অস্বীকার করে বলে এসেছে, তাঁদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এরপর ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে বাধ্য করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিশ্বশক্তিগুলো। তবে এ নিয়ে তাঁদের মধ্যেও মতবিরোধ রয়েছে।ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মতৈক্যে পৌঁছাতে সময় দেওয়ার জন্য গত বুধবার জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) তাদের একটি বৈঠক স্থগিত করে।এরপর অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদর দপ্তরে গতকাল বৈঠক করেন পি-ফাইভ প্লাস ওয়ান হিসেবে পরিচিত ছয়টি দেশ—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির প্রতিনিধিরা। এর মধ্যে প্রথম পাঁচটি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।রুদ্ধদ্বার ওই বৈঠক শেষে আইএইএতে চীনা প্রতিনিধি একটি বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়টি বিবেচনায় রেখে সংলাপে আলোচনা হবে, এমন সমঝোতার পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য তাঁরা প্রস্তুত। আলোচনা হতে হবে আন্তরিক, যাতে সবার মধ্যে আস্থার সৃষ্টি হয়।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন গত মঙ্গলবার ছয় বিশ্বশক্তির পক্ষে জানান, তাঁরা ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তবে আলোচনার দিনক্ষণ ও স্থান এখনো ঠিক হয়নি।পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর সর্বশেষ আলোচনা হয়েছিল ২০১১ সালের জানুয়ারিতে, ইস্তাম্বুলে। পশ্চিমা কূটনীতিকদের মূল বিষয় নিয়ে আলোচনা শুরুর আগে ইরান বিভিন্ন পূর্বশর্ত নিয়ে আলোচনার দাবি তোলায় সেবার আলোচনা ভেস্তে যায়। এএফপি, বিবিসি।