পরমাণু কর্মসূচি আরও বিস্তৃত করেছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান তার বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও বিস্তৃত করেছে। আর এর ফলে ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনার পথে এগিয়ে যাচ্ছে—ইসরায়েলের এ আশঙ্কা আরও উসকে দেবে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার জাতিসংঘের পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক অ্যানার্জি এজেন্সির (আইএইএ) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচির সম্ভাব্য সামরিক বিস্তৃতির বিষয়ে আইএইএর উদ্বেগ অব্যাহত রয়েছে। পরমাণু পর্যবেক্ষণকারী এ সংস্থা তার প্রতিবেদনে চলতি সপ্তাহে তেহরান সফরের ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেছে। ওই সফরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্রের উন্নয়ন-সম্পর্কিত গবেষণার যে অভিযোগ রয়েছে, দেশটি তার জবাব দিতে ব্যর্থ হয়, যা কিনা সম্ভাব্য কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর ক্ষেত্রে বড় ধরনের আঘাত। ওই সফরে আইএইএর পর্যবেক্ষক দলকে সে দেশের সামরিক স্থাপনায় ঢোকার অনুমতি দেওয়া হয়নি।আইএইএর প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক কর্মসূচি বিস্তৃত করার অংশ হিসেবে গত বছরের শেষের দিকে ইরান সেন্ট্রিফিউজ মেশিনস এনরিচিং ইউরেনিয়ামের (এক ধরনের উপাদান যা কিনা আর এক দফা পরিশোধন করলে আণবিক বোমা তৈরিতে ব্যবহূত হতে পারে) সংখ্যা বাড়িয়েছে। এ ছাড়া পরমাণু অস্ত্র তৈরির জন্য উচ্চমাত্রার ইউরেনিয়াম তৈরির সম্ভাব্য সময় কমাতে আরও কয়েক হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের প্রস্তুতিমূলক কাজ অব্যাহত রয়েছে। সংস্থার তদন্ত কাজের সঙ্গে জড়িত এক কর্মকর্তা বলেন, প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১১ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ইরান একটা স্তর পর্যন্ত ইউরেনিয়াম পরিশোধনের পরিমাণ তিন গুণ বাড়িয়েছে, যা দেশটিকে সম্ভাব্য আণবিক বোমার উপাদান তৈরির খুব কাছাকাছি নিয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বলেছেন, আইএইএর এ প্রতিবেদন ইরানের পরমাণু কর্মসূচির প্রকৃত উদ্দেশ্যের ব্যাপারে উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ইরান যে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে আইএইএর প্রতিবেদনে সেটা নিশ্চিত হয়েছে। এদিকে আইএইএতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী আসগর সোলতানির উদ্ধৃতি দিয়ে আধাসরকারি সংবাদ সংস্থা ফারস জানায়, ইরানের পরমাণু কর্মসূচি যে এ সংস্থার তত্ত্বাবধানে রয়েছে, এ প্রতিবেদনটি তারই ইঙ্গিত বহন করে। আর তাই আবারও এটাই প্রমাণিত হয়, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এর আগে ইরানের পরমাণুক্ষেত্রগুলোতে ইসরায়েল হামলার হুমকি দিলেও সাম্প্রতিক এ প্রতিবেদন সম্পর্কে তারা কোনো মন্তব্য করেনি। বেশ কয়েক বছর ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলছে। বিতর্ক সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইরান এ কর্মসূচি চালাচ্ছে। তবে ইরান বার বার বলছে, শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্যই তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। রয়টার্স।