পরমাণু কর্মসূচি নিয়ে ইরান নতুন আলোচনায় বসছে

ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে নতুন করে আরেক দফা আলোচনায় বসছে। আগামী ২৭ সেপ্টেম্বর এই আলোচনা হওয়ার কথা। ইরানের গত প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী নেতা হাসান রুহানি বিজয়ী হওয়ার পর এই প্রথম এ ধরনের আলোচনা হচ্ছে। আইএইএর এক মুখপাত্র গতকাল বুধবার বলেন, ভিয়েনায় ইরানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। ২০১২ সালের পর এটি ইরানের সঙ্গে সংস্থাটির ১১তম দফার আলোচনা। তবে কোনো আলোচনাই তেমন ফলপ্রসূ হয়নি। তেহরান গত সোমবার জানিয়েছে, তারা আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) জন্য নতুন দূত নিয়োগ করেছে। এ ছাড়া সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বও নতুন করে সাজানো হচ্ছে। গত এক দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের অসন্তুষ্টি আছে। নতুন প্রেসিডেন্ট হাসান রুহানির ক্ষমতা গ্রহণের পরিপ্রেক্ষিতে দেশটির পরমাণু কর্মসূচির নীতির কোনো পরিবর্তন হয়েছে কি না জানতে পশ্চিমা বিশ্ব নতুন আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অঙ্গীকার করেন তিনি এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখবেন এবং আইএইএ ও পরাশক্তিগুলোর সঙ্গে সমঝোতা করবেন। সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সময়ে ইরানের সঙ্গে আইএইএর সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ গত মে মাসে ইরানের সঙ্গে আইএইএর আলোচনা হয় যা কার্যত ব্যর্থ হয়। আইএইএ দাবি করে আসছে, ইরান তাদের পর্যবেক্ষক দলকে পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণে বাধা দিচ্ছে। তারা ধারণা করছে দেশটি শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির নামে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। রয়টার্স।