পরমাণু চুক্তির মেয়াদ বাড়াবে ভারত ও পাকিস্তান
পারমাণবিক অস্ত্রসংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি কমানোর লক্ষ্যে করা চুক্তির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়াতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দিনের পরমাণু বিষয়ে আস্থা তৈরির পদক্ষেপসংক্রান্ত (সিবিএমএস) বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার এ বৈঠক শুরু হয়। এতে ভারতের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।গত চার বছরের মধ্যে এই প্রথম সিবিএমএস নিয়ে বৈঠক করল ভারত ও পাকিস্তান। বৈঠকের প্রথম দিনে প্রচলিত অস্ত্রসংক্রান্ত সিবিএমএস এবং দ্বিতীয় দিন পরমাণু বিষয়ে সিবিএমএস নিয়ে আলোচনা হয়।সূত্র জানায়, বৈঠকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর আগে পরস্পরকে অবহিত করাসংক্রান্ত নিয়েও আলোচনা হয়। এ চুক্তিও পাঁচ বছরের জন্য বাড়াতে দুই পক্ষ রাজি হয়েছে। চুক্তির বর্তমান মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। তবে এ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়নি।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকের সমঝোতা অনুযায়ী, পারমাণবিক অস্ত্রসংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি কমানো চুক্তির মেয়াদ বাড়াতে উভয় পক্ষ তাদের পররাষ্ট্রসচিবদের সুপারিশ করবে। টাইমস অব ইন্ডিয়া।