ফাঁস হওয়া মার্কিন কূটনৈতিক তথ্য
পরমাণু চুক্তির সমর্থনে যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছিলেন লালুপ্রসাদ
২০০৭ সালে ভারতের তৎকালীন রেলমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ যাদব মার্কিন রাষ্ট্রদূত ডেভিড সি. মালফোর্ডকে আগেভাগেই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তির বিষয়ে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। মালফোর্ডকে লালু এতই তুষ্ট করেছিলেন যে তিনি ওই ঘটনাকে ‘অবিস্মরণীয় অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেছিলেন। গতকাল বুধবার উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক তথ্যের বরাত দিয়ে ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে লালুপ্রসাদের সঙ্গে বৈঠক করার পর একই বছর ১১ ডিসেম্বর মালফোর্ড ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠান। উইকিলিকসের মাধ্যমে ওই তারবার্তার কপি দ্য হিন্দু-এর হাতে আসে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, মালফোর্ড তাঁর পাঠানো তারবার্তায় লিখেছেন, লালুপ্রসাদের সঙ্গে তাঁর আধা ঘণ্টার একটি বৈঠক হয়। সেখানে লালু তাঁকে এই বলে আশ্বাস দেন যে তিনি ও তাঁর দল সবাইকে বোঝানোর চেষ্টা করবেন পরমাণু চুক্তি কোনো ক্ষতির কারণ হবে না। এ চুক্তিকে যাতে কেউ ভয় ও সন্দেহের চোখে না দেখে, এ জন্য তিনি সাধ্যমতো চেষ্টা চালাবেন বলে মালফোর্ডকে আশ্বাস দেন। মালফোর্ড বলেন, লালুর আতিথ্যে তিনি মুগ্ধ হন। লালু তাঁকে রেল ভবনের ১৪ লাখ রেলকর্মীর একটি বিরাট অংশের সমর্থন নিশ্চিত করেন। ওই মুহূর্তে পরমাণু চুক্তি নিয়ে চুক্তির বিরোধিতাকারী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা করা ঠিক হবে না বলেও লালু তাঁকে সতর্ক করেন। লালু তাঁকে বলেন, চুক্তি নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা করতে গেলে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে পারে। বিজেপি ক্ষমতায় গেলে এ চুক্তি পুনরায় সংশোধন করা হবে বলে বিজেপি তখন যে ঘোষণা দিয়েছিল, লালু তা উড়িয়ে দেন। মালফোর্ডকে তিনি বলেন, এক মুখে দুই কথা বলার কারণে বিজেপির আবার ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই বার্তায় মালফোর্ড লালুকে বিহারের অন্যতম ক্ষমতাধর রাজনীতিক বলেও উল্লেখ করেন। মালফোর্ড বলেন, ইউপিএ জোট সরকারকে টিকিয়ে রাখতে ও পূর্ণ মেয়াদে ক্ষমতাসীন রাখতে লালু আন্তরিক। তবে তিনি পরমাণু চুক্তির বিষয়ে সরকার থেকে বামপন্থীদের বেরিয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন। লালু মালফোর্ডকে জানান, বামপন্থীদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। তিনি তাঁদের চুক্তির পক্ষে আনার চেষ্টা চালিয়ে যাবেন। তারবার্তায় মালফোর্ড ভারতীয় রেলব্যবস্থা পরিচালনার ব্যাপারে লালু প্রসাদের প্রশংসা করেন এবং বিহারের একটি ডিজেল লোকোমোটিভ কারখানা স্থাপনে দুটি মার্কিন প্রতিষ্ঠানের অংশ গ্রহণের আভাস দেন। মালফোর্ড লেখেন, লালু একজন সজ্জন ও অতিথিপরায়ণ ব্যক্তি। ‘তাঁর সঙ্গে বৈঠক করার ব্যাপারটি ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা’। দ্য হিন্দু অনলাইন।