পরমাণু জ্বালানি বিনিময় নিয়ে আলোচনার জন্য এখনো প্রস্তুত ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু সংকট নিয়ে অচলাবস্থা কাটাতে এখনো পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ইরান। তবে দেশটি শর্ত দিয়েছে, পশ্চিমারা ইরানের মাটিতে পরমাণু জ্বালানি বিনিময়ে রাজি হলে এই আলোচনা হবে। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আলালামকে বলেন, ‘অবরোধ আরোপের হুমকি বা চাপের মুখে পরমাণু প্রযুক্তির বিষয়ে নিজেদের অধিকার ছেড়ে দেব না আমরা। আমরা তাদের (পশ্চিমা শক্তি) বলেছি, আপনারা সত্ নন এবং আমাদের সন্দেহ আপনারা আমাদের পরমাণু জ্বালানি সরবরাহ করবেন না বরং প্রতারণা করবেন।’ তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের শর্ত মেনে নিলে তেহরানে অবস্থিত পরমাণু চুল্লির জন্য জ্বালানি বিনিময়ের ব্যাপারে আলোচনা করতে আমরা রাজি। কিন্তু আমরা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করতে চাই না।’গত অক্টোবরে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠকে ইরান নীতিগতভাবে রাজি হয়েছিল, তাদের স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাবে এবং ওই দেশ থেকে তা আরও সমৃদ্ধ করে পরমাণু জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ইরানের কাছে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে তেহরান শর্ত দেয়, তারা বিদেশে নয় বরং দেশের মাটিতে এই অদল-বদলের কাজটি করতে চায়।যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আশঙ্কা তেহরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে এবং সেজন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালাচ্ছে। তাই এই কার্যক্রম বন্ধে দেশটির ওপর চাপ সৃষ্টি করার জন্য জাতিসংঘের মাধ্যমে অবরোধ আরোপের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য রাশিয়া ও চীনের সমর্থন আদায়ের চেষ্টা করছে মার্কিন প্রশাসন। কিন্তু ইরান সরকার জানিয়েছে, অবরোধ আরোপ করে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করা যাবে না। এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বার্তা সংস্থা আইএসএনএ-কে বলেছেন, পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে আগামী শুক্রবার নতুন অর্জনের ঘোষণা দেবেন তাঁরা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। রয়টার্স।