পরমাণু বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বেনি গানতজ সে দেশের একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বিশ্বাস করেন না ইরান পরমাণু বোমা তৈরির সিদ্ধান্ত নেবে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি চান, তাহলে পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জনের জন্য সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে তিনি পদক্ষেপ নিতে পারেন। গতকাল বুধবার সেনাপ্রধানের এ সাক্ষাৎকারটি ইসরায়েলের বামপন্থী হারেতজ পত্রিকায় প্রকাশিত হয়েছে।বেনি গানতজ বলেন, ‘ইরান ধাপে ধাপে সক্ষমতা অর্জনের দিকে যাচ্ছে, যেখান থেকে দেশটি চাইলে পরমাণু বোমা তৈরি করার সিদ্ধান্ত নিতে পারবে। আমার ধারণা, দেশটি এখন পর্যন্ত ওই অবস্থায় পৌঁছানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।’ তিনি বলেন, খামেনি তখনই এ সিদ্ধান্ত নিতে পারেন, যখন তিনি ভাববেন এর সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলার মতো অবস্থা তাঁর রয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান জানান, ‘তাঁর নিজের মতামত হচ্ছে, যদি খামেনি এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে তিনি বিরাট ভুল করবেন। আমি মনে করি না তিনি পরমাণু বোমা তৈরির বিষয়টি নিয়ে খুব বেশি অগ্রসর হতে চাইবেন। আমি মনে করি, ইরানের নেতৃত্ব বিষয়টি যৌক্তিক মানুষের মতো করেই বিবেচনা করবে।’ইরানের পরমাণু বোমা তৈরি প্রসঙ্গে বেনি গানতজ বলেন, চলতি ২০১২ সাল খুবই গুরুত্বপূর্ণ বছর হতে পারে। তবে বছরটি সাফল্যের জন্য না ধ্বংসের জন্য গুরুত্বপূর্ণ হবে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, ‘আমরা এমন একটি অবস্থায় রয়েছি, যেখানে অবশ্যই কিছু ঘটবে। হয় ইরান তার পরমাণু কর্মসূচি বেসামরিক কাজের জন্য ব্যবহার করবে, নয়তো বিশ্ব সম্ভবত আমাদের (ইসরায়েল) অবশ্যই কিছু করতে হবে। আমরা আলোচনার মাঝামাঝি নয় একেবারে শেষের দিকে আছি।’ সেনাপ্রধান বলেন, ‘কূটনৈতিক চাপ এবং ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ আরোপের মাধ্যমে আমাদের কাজ শুরু হয়েছে। এসব করা হচ্ছে একটি ফলদায়ক প্রেক্ষাপট তৈরির জন্য।’ এএফপি।