পরমাণু বোমা বানাতে ইরানের কমপক্ষে এক বছর লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু অস্ত্র বা বোমা বানাতে ইরানের এখনো কমপক্ষে এক বছর বা আরও বেশি সময় লাগতে পারে বলে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান কয়েক মাসের মধ্যে পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে—এমন আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। এরই পরিপ্রেক্ষিতে ইরানের পারমাণবিক প্রকল্পের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ইসরায়েলকে এ কথা জানাল যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু ইস্যুবিষয়ক শীর্ষ উপদেষ্টা গ্যারি সামোরি নিউইয়র্ক টাইমস পত্রিকাকে বলেছেন, ‘আমরা মনে করি, খুব কম করে হলেও তাঁদের (ইরান) এক বছর সময় লাগবে। আর এক বছর অনেক সময়।’ইরানের পরমাণু প্রকল্পের ভেতরে বিভিন্ন সমস্যা এবং তাদের দুর্বল ইউরেনিয়ামকে পরমাণু অস্ত্র বানানোর উপযোগী করার জন্য এই সময় লাগতে পারে বলে জানিয়েছেন সামোরি। তিনি জানান, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সময় নির্ধারণ করা হয়েছে। তবে ইরানের পরমাণু প্রকল্পের ভেতরে সমস্যা বলতে তিনি আসলে কী বুঝিয়েছেন সেটা পরিষ্কার নয়।সামোরি আরও জানান, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা কয়েক সপ্তাহের মধ্যে ইরানের পারমাণবিক প্রকল্পের বা পরমাণু অস্ত্র তৈরি প্রচেষ্টার সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য উদ্ধার করতে পারবে। কাজেই ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যথেষ্ট সময় পাবে।ইরান পরমাণু বোমা তৈরির জন্য নিরন্তর চেষ্টায় আছে কি না তা নিয়ে কয়েক বছর ধরে বিতর্ক চলছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে। আর যদি তাই হয়, তাহলে বোমা বানাতে তাদের কত সময় লাগতে পারে সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন।কিন্তু কিছু দিন ধরে ইসরায়েল বলছে, ইরান কয়েক মাসের মধ্যেই পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তারা। এর পরিপ্রেক্ষিতে তারা ইরানের পরমাণু স্থাপনায় হামলার ইঙ্গিত এর মধ্যে দিয়েছে। কেননা, তারা মনে করে, ইরানে যদি পরমাণু অস্ত্র চলে আসে, তাহলে সেটা ইসরায়েলের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি।যুক্তরাষ্ট্রের এই মূল্যায়নের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মূল্যায়নের সঙ্গে তাঁরাও মোটামুটি একমত। কিন্তু তাঁদের সন্দেহ, ইরানের গোপন কোনো পরমাণু স্থাপনা থাকতে পারে, যা এখনো জানা যায়নি।তবে ইরান বরাবরের মতো এখনো দাবি করে আসছে, তাদের পরমাণু প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শুধু জ্বালানি উত্পাদনের লক্ষ্যে তা পরিচালিত হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, পরমাণু জ্বালানি সরবরাহের নিশ্চয়তা পেলে তাঁরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অংশত বন্ধ করে দেবে।জাপানের ইয়োমিইউরি শিম্বুন পত্রিকায় গতকাল শুক্রবার প্রকাশিত সাক্ষাত্কারে আহমাদিনেজাদ বলেন, ‘পরমাণু জ্বালানি সরবরাহের বিষয়ে বিশ্ব শক্তির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইরান। বিশ্ব শক্তিগুলো চাইলে এ মাসের শেষে বা আগামী মাসের প্রথমেই আলোচনা শুরু হতে পারে।’ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘পরমাণু সমৃদ্ধকরণের অধিকার আমাদের রয়েছে। তবে যুদ্ধ বাধানোর ইচ্ছা ইরানের নেই এবং পরমাণু বোমাও আমরা বানাতে চাই না।’আহমাদিনেজাদ বলেন, ‘আমরা কথা দিচ্ছি, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ ২০ শতাংশ বন্ধ করে দেব।’ এএফপি ও নিউইয়র্ক টাইমস।