পরমাণু যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়ার ওপর কোনো ধরনের হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে ‘পবিত্র যুদ্ধের’ মাধ্যমে তার জবাব দেওয়া হবে। কিউবায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এ হুমকি দেন। চীনের সরকারি গণমাধ্যমে এ খবর জানানো হয়।উত্তর কোরিয়া ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে কিউবার উত্তর কোরিয়ার দূত কেওন সুং চোল এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যদি কোরীয় উপদ্বীপে সংঘাত বাধানোর চেষ্টা করে, তাহলে আমরা পরমাণু শক্তির মাধ্যমে তার জবাব দেব।’কেওন সুং চোল বলেন, কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে, যাতে দুই কোরিয়ার পুনরেত্রীকরণের প্রক্রিয়া শুরু করা যায়।ওয়াশিংটন ও সিউল বলেছে, পিয়ংইয়ংকে অবশ্যই তার পরমাণু অস্ত্র উন্নয়ন কর্মকাণ্ড পরিত্যাগ করতে হবে। তবে উত্তর কোরিয়ার ওপর হামলা চালানোর কোনো হুমকি দেয়নি দেশ দুটো।এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল গতকাল শনিবার চীন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে বলা হয়, শনিবার চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি হোটেল ত্যাগ করেছেন কিম। যেখানে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে ধারণা করা হচ্ছে।ওয়াইটিএন টেলিভিশন ও বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে প্রায় ২০টির একটি গাড়িবহর চাংচুন শহরের একটি হোটেল ত্যাগ করে। গাড়িবহরের সুরক্ষার দায়িত্বে ছিল ১০টি নিরাপত্তা গাড়ি।এর আগে একটি কনটেইনার ট্রাক শহরের প্রধান রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয়, যেখানে কিমের বিশেষ ট্রেন অপেক্ষা করছিল। ট্রাকে কিমের সফরসঙ্গীদের লাগেজ ছিল বলে ধারণা করা হচ্ছে।দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেন, দেশের জন্য বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তা ও কূটনৈতিক সমর্থন নিয়ে শনিবার দেশে ফিরছেন কিম।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিককে উদ্ধৃত করে চোসান ডেইলি জানায়, সম্ভবত বিশেষ ট্রেনে চড়ে শনিবার দেশে ফিরবেন কিম।গত মার্চে কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনানডুবির ঘটনা নিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিম জং ইল চীন সফর করলেন।চীন সফরে কিমের ২৭ বছর বয়সী ছেলে কিম জোং উনও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকেরা বলেছেন, কিম জোং উন উত্তর কোরিয়ার পরবর্তী নেতা নির্বাচিত হতে চলেছেন। এএফপি, রয়টার্স।