পরমাণু-সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন বিশ্বনেতারা। পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহূত হয়—এমন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বেসামরিক ব্যবহার সীমিত পর্যায়ে নামিয়ে আনার ব্যাপারেও একমত হয়েছেন তাঁরা।দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত পরমাণু নিরাপত্তাবিষয়ক শীর্ষ সম্মেলন শেষে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্বনেতারা তাঁদের এই অবস্থানের কথা উল্লেখ করেন। বিশ্বের ৫৩টি দেশের নেতারা এই সম্মেলনে যোগ দেন।গত ২১ মার্চ এই সম্মেলনের খসড়া ইশতেহারে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে একটি ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু চূড়ান্ত ইশতেহারে সেই বিষয়টি বাদ দেওয়া হয়েছে।বিশ্বনেতারা পারমাণবিক নিরস্ত্রীকরণ, বিস্তার রোধ ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে আবারও দৃঢ়সংকল্প ব্যক্ত করেন। সিউল সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সম্মেলন পারমাণবিক অস্ত্র কমিয়ে আনা, নিরস্ত্রীকরণ ও বিস্তার রোধের ব্যাপারে কাজের সুযোগ প্রসারিত করেছে, যা সম্মেলনে অংশগ্রহণকারী কোনো কোনো দেশকে অস্বস্তিতে ফেলেছে। সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে বলা হয়, ‘আন্তর্জাতিক নিরাপত্তার হুমকিগুলোর মধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ অন্যতম। এই হুমকিকে পরাজিত করতে জাতীয়ভাবে শক্তিশালী ব্যবস্থা গ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।’ একই সঙ্গে পারমাণবিক উপাদান সন্ত্রাসীদের হাতে যাওয়া বন্ধে ‘মৌলিক দায়িত্ব’ হিসেবে এমন উপাদানের নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের প্রতি আহ্বান জানানো হয়। পারমাণবিক উপাদান রক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক নীতিমালা মেনে চলা এবং পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মূল ভূমিকা পালনে সমর্থন দিতেও সব দেশের প্রতি আহ্বান জানানো হয়।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রেসিডেন্ট হু জিনতাওসহ বিশ্বনেতারা ২০১০ সালের প্রথম সম্মেলনে বিভিন্ন দেশের করা জাতীয় অঙ্গীকারগুলোর ‘বাস্তব অগ্রগতিকে’ স্বাগত জানান। ওয়াশিংটনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।বিশ্বনেতারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মজুদ রক্ষায় নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে উৎসাহ দেন এবং অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় না—এমন মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করতে বলেন। উচ্চমাত্রার ইউরেনিয়ামের চুল্লিগুলো কম মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের জন্য পরিবর্তন করার ব্যাপারেও উৎসাহ দেওয়া হয়।স্বাগতিক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক বলেন, পরমাণু-সন্ত্রাসবাদের হুমকি এখনো বিশ্বের জন্য ‘গুরুতর হুমকি’ বলে বিবেচিত। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বিষয়টি নিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।আগামী পারমাণবিক নিরাপত্তাবিষয়ক সম্মেলন ২০১৪ সালে হল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়। এএফপি ও বিবিসি।পারমাণবিক অস্ত্রের মজুদরাশিয়া : ১০ হাজারযুক্তরাষ্ট্র : সাড়ে আট হাজারফ্রান্স : ৩০০চীন : ২৪০যুক্তরাজ্য : ২২৫পাকিস্তান : ৯০ থেকে ১১০ভারত : ৮০ থেকে ১০০ইসরায়েল : ৮০উত্তর কোরিয়া : ১০টির কমসূত্র: ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট