পরমাণু সমৃদ্ধকরণ কমানো শুরু করল ইরান
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, পরমাণু সমৃদ্ধকরণ কমানো শুরু করেছে ইরান। এর ফলে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক কিছু নিষেধাজ্ঞা শিথিল হবে।
ইরানের একটি টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটির নাতানজ পারমাণবিক স্থাপনায় পরমাণু সমৃদ্ধকরণে ব্যবহূত সেন্ট্রিফিউজগুলো সরানো হয়েছে। গত নভেম্বরে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে সম্পাদিত একটি পরমাণু চুক্তির শর্ত হিসেবে এ উদ্যোগ নিল ইরান। আর এর ফলে ইরান পেট্রোকেমিক্যাল ও অন্যান্য দ্রব্য রপ্তানির মাধ্যমে শত কোটি টাকা আয় করতে পারবে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেন, ‘আইএইএর পরিদর্শকেরা নাতানজ স্থাপনায় সেন্ট্রিফিউজগুলো খুলতে শুরু করেছেন। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞার বরফখণ্ড গলতে শুরু করেছে।’
আইএইএর পরিদর্শকদের একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে সংস্থাটি নিশ্চিত করেছে, নাতানজ ও ফোরদো স্থাপনায় ৫ শতাংশের বেশি পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করেছে ইরান।
ওই প্রতিবেদনে বলা হয়, ইরান ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামকে হাল্কা করা শুরু করেছে।
পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তির মূল লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকা। তবে ইরান বরাবরই দাবি করেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পরমাণু কর্মসূচি।