পরমাণু স্থাপনা পরিদর্শনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ উত্তর কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া দীর্ঘ তিন বছর পর এই প্রথমবারের মতো তার পরমাণু স্থাপনা পরিদর্শনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) আমন্ত্রণ জানিয়েছে। দেশটির প্রধান পরমাণু মধ্যস্থতাকারী এ খবর নিশ্চিত করেছেন।উত্তর কোরীয় কর্মকর্তা রি ইয়ং-হো বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বাস্তবায়নই তাঁদের এ প্রস্তাবের লক্ষ্য। যুক্তরাষ্ট্র বলেছে, পিয়ংইয়ং ওই চুক্তির আওতায় খাদ্যসহায়তার বিনিময়ে পরমাণু ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করতে সম্মত হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে চুক্তিটি সই হয়।উত্তর কোরিয়ার আমন্ত্রণের বিষয়টি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর মুখপাত্র গিল টিউডর গত সোমবার নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা গত শুক্রবার তাঁদের পর্যবেক্ষক পাঠানোর ওই প্রস্তাব পেয়েছেন। দেশটি একই দিন কক্ষপথে একটি রকেটচালিত উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনার কথাও ঘোষণা করেছে। পিয়ংইয়ং ঠিক কী শর্তে প্রস্তাবটি দিয়েছে সে সম্পর্কে তিনি অবশ্য বিস্তারিত জানাতে অস্বীকার করেন। এদিকে, উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়াসহ বিভিন্ন দেশ এ পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে। এমনকি উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনও এতে উৎকণ্ঠা প্রকাশ করে। যুক্তরাষ্ট্র পরিকল্পনাটিকে ‘অত্যন্ত উসকানিমূলক’ বলে অভিহিত করেছে। তারা বলেছে, এটি বাস্তবায়ন করা হলে তা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তবে এই উদ্বেগ ও উৎকণ্ঠার জবাবে উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। এটি শুধু একটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা। কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, একই সঙ্গে দেশটি আরও বলেছে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করে যেতেও অঙ্গীকারবদ্ধ। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের (কিম জং-উনের দাদা) শততম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে উপগ্রহটি উৎক্ষেপণের কথা।কিম জং-ইলের মৃত্যুর পর তাঁর ছেলে কিম জং-উন দেশটির নতুন নেতা হিসেবে আবির্ভূত হওয়ার তিন মাস পর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেশটিতে আমন্ত্রণ জানাল পিয়ংইয়ং। এর পরিপ্রেক্ষিতে আইএইএ জানিয়েছে, উত্তর কোরিয়াসহ সংশ্লিষ্ট দেশগুলোতে সম্ভাব্য সফর নিয়ে এখন তাঁরা আলোচনা করবেন। আইএইএ মুখপাত্র টিউডর রয়টার্সকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ বিবিসি ও পিটিআই।