পরমাণু স্থাপনা সুরক্ষায় ইরানের সামরিক মহড়া
নিজেদের পরমাণু স্থাপনা সুরক্ষায় গত সোমবার থেকে চার দিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। এদিকে দেশটি ফ্রান্স ও যুক্তরাজ্য ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশে তেল রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধি দলটি যেদিন তেহরানে পৌঁছাল সেদিনই এই মহড়া শুরু করল ইরান। এক মাসের ব্যবধানে আইএইএ প্রতিনিধি দলের এটি দ্বিতীয় ইরান সফর। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পরমাণুকেন্দ্রগুলোকে সম্ভাব্য সব হুমকি থেকে রক্ষায় দেশটির দক্ষিণাঞ্চলে এ মহড়া চালানো হচ্ছে। ‘সারোল্লাহ’ (আরবি ভাষায় যার অর্থ আল্লাহর প্রতিশোধ) নামের এ মহড়ায় ক্ষেপণাস্ত্র, বিমান বিধ্বংসী কামান, রাডার ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে তাঁরা ‘প্রশ্নাতীত অধিকার’ হিসেবে দেখছেন। তবে চলমান সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে তাঁরা আলোচনায় বসতেও প্রস্তুত। তিনি বলেন, ‘ইরানের সঙ্গে ছয় জাতি আলোচনার বিষয়বস্তু হবে আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি।’ রামিন মেহমানপারাস্ত বলেন, ‘আমাদের প্রধান দাবি হচ্ছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে (পরমাণু) প্রযুক্তির মালিক হওয়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে। সেই অধিকার অর্জিত। আমরা মনে করি না, আমাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে।’ তবে ইরানের এ প্রস্তাবের জবাবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাস্টন বলেছেন, ইরান কোনো পূর্বশর্ত না দিলে স্থগিত আলোচনা শুরু করা যেতে পারে। সম্প্রতি বিশ্বব্যাপী এ খবর ছড়িয়ে পড়েছে যে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সামরিক হামলা চালানোর দ্বারপ্রান্তে ইসরায়েল। এরই পরিপ্রেক্ষিতে ইরানও সামরিক প্রস্তুতি নিয়ে রাখছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, ‘বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা শক্তিশালী করাই মহড়ার উদ্দেশ্য।’ এএফপি ও বিবিসি।