পরমাণুবিজ্ঞানীর চার বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলজেরীয় বংশোদ্ভূত একজন ফরাসি পরমাণুবিজ্ঞানীকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখার সঙ্গে জঙ্গি হামলা চালানোর ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গত শুক্রবার তাঁকে ওই সাজা দেওয়া হয়।কর্মকর্তারা জানান, অ্যাডলিন হিচার (৩৫) নামের ওই বিজ্ঞানীকে ফরাসি পুলিশ ২০০৯ সালের অক্টোবরে গ্রেপ্তার করে। তিনি ‘বিগ ব্যাং থিওরি’ নামে পরিচিত বিশ্বজগতের সৃষ্টি-রহস্য উদ্ঘাটন তত্ত্বের ওপর গবেষণা প্রতিষ্ঠান ‘ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সিইআরএন)’-এ গবেষণায় নিয়োজিত ছিলেন। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন। ই-মেইলের মাধ্যমে আল-কায়েদার সঙ্গে তাঁর যোগাযোগের বিষয় ধরা পড়ার পর হিচারকে গ্রেপ্তার করা হয়।হিচারের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে গত মার্চে বিচার শুরু হলে আদালতে তিনি আল-কায়েদাকে ই-মেইল পাঠানোর কথা স্বীকার করেন। হিচার বলেন, ওই চিঠি লেখার আগে তিনি ‘মানসিক অস্থিরতায়’ দিন কাটাচ্ছিলেন। তবে তিনি ওই যোগাযোগের মাধ্যমে কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। ২০০৮ সালে আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেবের (একিউআইএম) পক্ষ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকারি বাসভবন এলিসি প্রাসাদে একটি বিবৃতি পাঠানোর পর দেশটির গোয়েন্দা সংস্থা ডিসিআরআই সন্ত্রাসী সংগঠনটির সঙ্গে হিচারের সম্পৃক্ততার খোঁজে তদন্তে নামে। এএফপি।