পররাষ্ট্রনীতি বদলানোর ঘোষণা করবিনের

অনেক বিশেষজ্ঞ ও গোয়েন্দা পেশাজীবী যুক্তরাজ্যে সন্ত্রাসের ঝুঁকি বাড়ার সঙ্গে বিদেশে যুদ্ধে জড়ানোর যোগসূত্র পেয়েছেন জানিয়ে লেবার দলের নেতা জেরিমি করবিন বলেছেন, সন্ত্রাসবাদ দমনের প্রচলিত যুদ্ধনীতি ব্যর্থ হয়েছে।
ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ওই পররাষ্ট্রনীতি দেশে নিরাপত্তাঝুঁকি বাড়াবে না, বরং কমাবে। আজ শুক্রবার লন্ডনে নির্বাচনী প্রচারণার পুনঃসূচনা করে এমন ঘোষণা দেন করবিন।
গত সোমবার ম্যানচেস্টারের একটি কনসার্ট হলে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় থেমে গিয়েছিল নির্বাচনী প্রচারণা। আজ থেকে দলগুলো পুনরায় প্রচারণায় নামে। আগামী ৮ জুন যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই হামলার ঘটনায় পুলিশ শুক্রবার পর্যন্ত ১০ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেয়। পুলিশের ধারণা, হামলায় ব্যবহৃত বোমা ম্যানচেস্টারেই বানানো হয়েছিল এবং বোমা বানানোর আরও সরঞ্জাম অধরা থাকতে পারে। হামলাকারী ২২ বছর বয়সী সালমান আবেদি একা পুরো কাজটি করেননি। তাঁর সহযোগীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। সালমানের পুরো নেটওয়ার্ক আবিষ্কারে তদন্ত চলছে। আরও হামলার আশঙ্কায় দেশে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। এমন পরিস্থিতিতে শুক্রবার প্রচারণায় ফেরা দলগুলোর কাছে প্রাধান্য পায় জাতীয় নিরাপত্তার বিষয়টি।
ম্যানচেস্টারে হতাহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে করবিন বলেন, সন্ত্রাসবাদের ব্যাখ্যা যা-ই হোক, তা কোনোভাবেই হত্যাকাণ্ডকে বৈধতা দেয় না। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে লেবার দল নিরাপত্তাঝুঁকির কী সমাধান দেবে, তা জনগণের অবশ্যই জানা উচিত। তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়াতে লেবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাজেট বাড়াবে, যাতে তাঁরা দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব অনুষঙ্গের সংস্থান করতে পারে।
যুদ্ধবিরোধী নেতা করবিন আফগানিস্তান ও ইরাকে হামলার তীব্র বিরোধিতা করেন। সিরিয়া ও লিবিয়ায় হামলার বিপক্ষে তিনি ভোট দেন। তবে জাতীয় নিরাপত্তার জন্য যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত বলে ঘোষণা দেন যুদ্ধবিরোধী এই নেতা। তিনি বলেন, কোনো সরকারের পক্ষে সন্ত্রাসের ঝুঁকি শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়। কিন্তু ঝুঁকি মোকাবিলার সম্ভাব্য প্রস্তুতি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কনজারভেটিভ সরকার গত সাত বছরে বাজেট কর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা যে দুর্বল করেছেন, সেদিকটির প্রতি ইঙ্গিত করে করবিন এসব কথা বলেন।
তবে কনজারভেটিভ দলের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেন, বাজেট কর্তনের কারণে সন্ত্রাসের ঝুঁকি বেড়েছে—এ দাবি ঠিক নয়। আর নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী বেন ওয়ালেস অভিযোগ করেন, ম্যানচেস্টারের ঘটনা নিয়ে করবিন রাজনীতি করছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে আজ জি৭ সম্মেলনে সন্ত্রাসবাদ দমনে প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ইন্টারনেট থেকে উগ্রবাদ ও সন্ত্রাসবাদবিষয়ক তথ্য সরাতে কোম্পানিগুলোর ভূমিকা জরুরি।
২০১০ সালে ইরাক যুদ্ধবিষয়ক তদন্তে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের সাবেক প্রধান ম্যানিংহাম বলেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসন যুক্তরাজ্যে সন্ত্রাসবাদের ঝুঁকি সন্দেহাতীতভাবে বাড়িয়েছে। এটা তরুণদের একটি অংশকে উগ্রপন্থী করে তুলেছে। কারণ তারা ইরাক ও আফগানিস্তানে হামলাকে ইসলামের ওপর আক্রমণ হিসেবে দেখছে।
বিবিসির নিরাপত্তাবিষয়ক প্রতিবেদক ফ্র্যাঙ্ক গার্ডনার বলছেন, সন্ত্রাসীরা তাদের কর্মের বৈধতার জন্য ব্রিটিশ পররাষ্ট্রনীতিকে একটি কারণ হিসেবে যে দাবি করেন, সেটি অস্বীকারের উপায় নেই। কিন্তু এটি অনেক কারণের মধ্যে একটি।