পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কেরির প্রথম সফর
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর জন কেরি প্রথমবারের মতো ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরে গেছেন। তিনি গতকাল রোববার লন্ডন রওনা হন। ১১ দিনব্যাপী সফরে তিনি জার্মানি, ফ্রান্স, ইতালি, তুরস্ক, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করবেন। ভিন্ন দায়িত্বে জন কেরি আগেও বহুবার বিদেশ সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। তবে চলতি সফরের পর সিরিয়া, ইরান ও ইসরায়েল-ফিলিস্তিন লড়াই প্রসঙ্গে কেরি তাঁর নতুন কোনো ভাবনা জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রোমে অবস্থানকালে তিনি সিরিয়ার বিরোধীদলীয় জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক জন অল্টারম্যান বলেন, সিরিয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানে আপাতত কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। তবে সামনে কোনো বিকল্প রয়েছে কি না, সে ব্যাপারে জন কেরির দৃষ্টি থাকবে। রয়টার্স।