পরশের মুক্তির দাবিতে নেপালে বিক্ষোভ
নেপালের সাবেক যুবরাজ পরশ শাহকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার রাজতন্ত্রের সমর্থকেরা বিক্ষোভ করেছেন। দেশব্যাপী এই বিক্ষোভের সময় অন্তত দুটি বড় জেলায় ধর্মঘট পালন করা হয়েছে। বিক্ষোভকারীরা উপপ্রধানমন্ত্রী সুজাতা কৈরালার কুশপুত্তলিকা দাহ করেছেন।দেশটির চিতবান ন্যাশনাল পার্কে টাইগার টপস অবকাশকেন্দ্রে গত সোমবার উপপ্রধানমন্ত্রীর মেয়ে ও জামাতার সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়েন পরশ শাহ (৩৮)। এ ঘটনায় গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাজপরিবারের কোনো সদস্যকে এই প্রথমবারের মতো গ্রেপ্তারের ঘটনা ঘটল। জিজ্ঞাসাবাদের জন্য পরশকে চিতবানে নিয়ে যাওয়া হয়েছে।নেপালের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পারসা জেলায় গতকাল প্রথম বিক্ষোভ হয়। পরে ধীরে ধীরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। রাজতন্ত্রপন্থী দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির সমর্থকেরা এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা বড় বড় শহরগুলোর রাস্তায় ও মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। এ সময় হাজার হাজার গাড়ি রাস্তায় আটকে যায়। দুর্ভোগে পড়ে অসংখ্য মানুষ। বিক্ষোভকারীরা পরশের মুক্তির দাবি করে উপপ্রধানমন্ত্রী কৈরালার বিরুদ্ধে স্লোগান দেন। তাঁরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে পরশকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।